আর্সেনালের উচ্ছ্বাস, বায়ার্নের প্রথম হারের হতাশা
প্রিমিয়ার লিগে দারুণ খেলার ছন্দ চ্যাম্পিয়ন্স লিগেও টেনে আনতে পারায় উচ্ছ্বসিত আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গার। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখ শিবিরে ভর করেছে মৌসুমের প্রথম হারের হতাশা।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ পেপ গুয়ার্দিওলার কথায় ভালো খেলার স্বস্তি ফুটে উঠলেও ছেলেদের সুযোগ নষ্ট করার হতাশাও ছিল।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বায়ার্নকে ২-০ গোলে হারায় ইংল্যান্ডের দল আর্সেনাল।
প্রথম দুই রাউন্ডে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল আর্সেনাল। আর সব প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচের সবকটিতে জিতে যেন হাওয়ায় উড়ছিল বায়ার্ন। অদম্য হয়ে ওঠা দলটিকেই মাটিতে নামিয়ে আনে এমিরেটসের দলটি।
নিজেদের ঘর সামলে আক্রমণে ওঠার পরিকল্পনায় মাঠে নামা আর্সেনাল শেষ ১৫ মিনিটের দুই গোলে জয় নিশ্চিত করে।
লিগের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতায়ও ভালো খেলতে পারায় খুশি ভেঙ্গার।
“প্রিমিয়ার লিগে আমরা যেভাবে খেলছি, বায়ার্নকে হারাতে সেটাই প্রয়োজন ছিল। এটা আমাদের বিশ্বাসকে এবং আমাদের চারপাশের মানুষের, ভক্ত-সমর্থকদের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে।”
গুয়ার্দিওলার কথায় তিন পয়েন্ট হারানোর হতাশা থাকলেও প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।
“ম্যাচ জিততে আমরা অনেকগুলো সুযোগ পেয়েছি, অন্তত হার এড়ানোর জন্য তো বটেই। তবে জয়ের জন্য আর্সেনালকে শুভেচ্ছা। দুই সপ্তাহের মধ্যে মিউনিখে আমরা আবারও মুখোমুখি হব।”
এই জয়ে আর্সেনাল ঘুরে দাঁড়ালেও গ্রুপে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তলানিতেই আছে তারা। অন্যদিকে, হারের পরও ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন।
