২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও রেফারির সমালোচনায় মরিনিয়ো

দিনামো কিয়েভের মাঠে চেলসিকে একটা পেনাল্টি না দেওয়ায় রেফারিকে ‘দুর্বল ও অপরিপক্ক’ বলেছেন কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 05:58 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপে মঙ্গলবার রাতে কিয়েভের সঙ্গে গোলশূন্য ড্র করে চেলসি। মঙ্গলবার রাতের ওই লড়াইয়ের প্রথমার্ধে স্বাগতিকদের ইউক্রেনের মিডফিল্ডার সের্হি রিবালকা নিজেদের ডি বক্সে সেস ফাব্রেগাসকে ফাউল করেন। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার ইশারা করেন।
 
স্লোভেনিয়ার রেফারি দামির কোমিনার ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মরিনিয়ো। 
 
বিটি স্পোর্টকে পর্তুগিজ কোচ বলেন, “ওই পেনাল্টির বিষয়ে রেফারি দুর্বল ও অপরিপক্ক ছিলেন। আমি বুঝতে পারি না, গোলের পেছনের অফিসিয়ালও করেনটা কি? কারণ তিনিও একটা পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারেন নি।”
 
কিছু দিন আগে প্রিমিয়ার লিগের একটি ম্যাচে পেনাল্টি না পেয়ে রেফারিকে ‘ভীত’ বলেছিলেন মরিনিয়ো। সে জন্যে চেলসি কোচকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করে ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ)।
 
ওই অপরাধে মরিনিয়োকে এক ম্যাচের ‘স্থগিত’ নিষেধাজ্ঞাও দেয় এফএ। আগামী এক বছরের মধ্যে এই অপরাধ আবারও করলে শাস্তিটি কার্যকর হবে।