২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনুলের ‘কপালে নেই’

হঠাৎই এমএ আজিজ স্টেডিয়ামের প্রেসবক্সে হাজির মামুনুল ইসলাম। এসেই গল্প জুড়ে দিলেন হাসিমুখে। সে হাসিতে কিন্তু একটুও আড়াল হলো না ঘরের মাঠে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলতে না পারার হতাশা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 05:43 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

জাতীয় দলের অধিনায়ক অবশ্য অভিযোগ-অনুযোগের পথে হাঁটলেন না; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় বরং ভাগ্যকে দুষলেন।

কেবল মামুনুল নয়; জাতীয় দলে খেলা চট্টগ্রামের আরও তিন ফুটবলার নাসিরউদ্দিন, শাখাওয়াত রনি, শহিদুল আলম সোহেলেরও ঠাঁই হয়েছে দর্শকের কাতারে। গত মঙ্গলবার মামুনুল ঢুকলেন প্রেসবক্সে (আসলে প্রেস কন্সফারেন্স রুম) আর তার সামনের গ্যালারিতে সাধারণ দর্শকের সঙ্গে মিশে খেলা দেখলেন নাসিরউদ্দিন-রনিরা।

দৃশ্যটা একেবারেই উল্টো হতে পারত। নিজেদের আঙিনায় শেখ জামালের জার্সিতে মামুনুল মাঝ মাঠে, রনি ফরোয়ার্ডে, নাসিরউদ্দিন রক্ষণে, সোহেল গোলপোস্টের নিচে আলো ছড়াতে পারতেন। টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে টানাপোড়েনে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এ আসরে অংশ না নেওয়ায় এ দৃশ্য আর দেখা গেল না।

গল্পের ফাঁকে ফাঁকে মামুনুলের চোখ চলে যাচ্ছে মাঠের দিকে; এমিলিরা গোলের একটা সুযোগ নষ্ট করলে অস্ফুটে বেরিয়ে আসছে ‘ইশ’ শব্দ। ইস্ট বেঙ্গল-চট্টগ্রাম আবাহনী ম্যাচের স্কোরলাইন যখন ২-১, তখনও তিনি আশাবাদী, তার বাড়ির দলটি সমতায় ফিরবে। তা অবশ্য হয়নি।

যেমনটা হয়নি মামুনুলের এই ক্লাব কাপে খেলার স্বপ্ন পূরণ। শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলেন এই মিডফিল্ডার। আশাভঙ্গ নিয়ে প্রশ্ন করতেই মামুনুল উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসলেন।

“আপনিই বলুন, এখন আমার কোথায় থাকার কথা ছিল? এখানে (মাঠের দিকে আঙুল তুলে) থাকার কথা ছিল; নিজের বাড়ির মাঠে খেলা, এখানে খেলার কথা ছিল।”

“কিন্তু শেখ জামাল খেলছে না বলে এখানে (প্রেসবক্সে) বসে আছি; আপনাদের সঙ্গে গল্প করছি; হাসছি। কিন্তু মনের ভেতরের অবস্থাটা তো আপনারাও জানেন”, মামনুলের মুখটা আরও মলিন হয়ে ওঠে।

খেলা দেখার ফাঁকেই মামুনুল জাতীয় দলের নতুন কোচ ফাবিও লোপেজকে নিয়ে, মাঝ মাঠের পজিশন বদলে রাইট উইংয়ে খেলা নিয়েও কথা বললেন।

“খেলতে হলে কোচ যেভাবে চাইবে, সেভাবেই খেলতে হবে। যদি প্রতিবাদ করে চলে যাই, তাহলে সবাই বলবে-ওই দ্যাখো, আর দেওয়ার মতো কিছু নাই, তাই পালিয়েছে।”

পালানো ব্যাপারটা আসলেই মামুনুলের ধাতে নেই। ক্লাব ও জাতীয় দলের প্রয়োজনে ছোট-খাট চোট নিয়েও তার খেলার ঘটনা আছে ভুরিভুরি। অথচ ফিট থেকেও ক্লাবের সিদ্ধান্তের কারণে মাঠের বাইরে তিনি। কাউকে দোষারোপ করলেন না মামুনুল; তবে ঠিকই ভারী হয়ে উঠল তার গলাটা।

“কাউকে দোষ দিব না। এ নিয়ে আমার কাছে কোনো অভিযোগ পাবেন না। আসলে কপালেরই দোষ; কপালে নেই, তাই এখানে বসে আছি।”

‘ক্ষতিটা কাদের?’

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে বাংলাদেশের পরের ম্যাচটি ১২ নভেম্বর; এবার ফিরতি লেগের ম্যাচ খেলতে তাজিকিস্তান যাবেন মামুনুলরা। ১৭ নভেম্বর নিজেদের মাঠে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। জাতীয় দলের অধিকাংশ ফুটবলার নিয়ে গড়া শেখ জামাল এই ক্লাব কাপে খেললে মামুনুলরা খেলার সঙ্গে থাকতে পারতেন। এ নিয়েও অধিনায়কের উত্তরের বদলে প্রশ্ন!

“এর ফলে কাদের ক্ষতি হচ্ছে? শেখ জামাল এই আসরে খেলছে না মানে জাতীয় দলের অনেক প্লেয়ারই (খেলোয়াড়) খেলছে না। তারা খেলা দেখছে।”

“বলেন, মাঠে থাকা আর মাঠের বাইরে অনুশীলন করা কী এক? নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে আমাদের পরের ম্যাচ। আমরা এখন মাঠে না থাকায় জাতীয় দলেরও ক্ষতি হচ্ছে”, যোগ করেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।

‘ইস্ট বেঙ্গলকে এবারও হারাতাম’

চট্টগ্রামের প্রথম সংবাদ সম্মেলনে ইস্ট বেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টচার্য বলেছিলেন, আইএফএ শিল্ডে শেখ জামালের কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে ছিলেন তারা। তবে মামুনুলের বিশ্বাস আধিপত্যের ছড়িটা এবারও তারাই ঘোরাতেন।

“আইএফএ শিল্ডে আমরা ওদের হারিয়েছিলাম। বিশ্বজিৎ দা (ইস্ট বেঙ্গল কোচ) যাই বলুন না কেন, এবারও আমরা তার দলকে হারাতাম।”

প্রথমবারের মতো দেশের মাঠে হওয়া এই আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপাও শেখ জামাল জিতত বলে দাবি অধিনায়কের, “খেললে আমরাই চ্যাম্পিয়ন হতাম। শেখ জামালের সুযোগ দেওয়া উচিত ছিল।”