২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএ আজিজে অব্যবস্থাপনা আর দর্শকের আকাল

গ্যালারি দর্শকে ভরা থাকবে, ফুটবল উন্মাদনার ঢেউ আছড়ে পড়বে চারদিক-শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে আয়োজকদের প্রত্যাশা ছিল এমনটাই। কিন্তু উদ্বোধনী দিনের হিসেবে সে আশায় গুড়ে বালি। এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারির অর্ধেকেরও বেশি ফাঁকাই ছিল। সঙ্গে যোগ হয়েছে নানা ধরনের অব্যবস্থাপনাও।

উত্তম সেন গুপ্ত

মোহাম্মদ জুবায়ের ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 10:41 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের নাম অনুসারে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ-২০১৫’ মাঠে গড়াল মঙ্গলবার। ৫টি বিদেশি ও ৩টি দেশি দল নিয়ে হওয়া এই আসরের উদ্বোধনটা হলো উদ্বোধনী ম্যাচের পরে! সাদামাটা উদ্বোধন সারা হলো বেলুন উড়িয়ে; ঢাকা আবাহনী-করাচি ইলেক্ট্রিকের উদ্বোধনী ম্যাচ হয়ে যাওয়ার পর।

স্টেডিয়াম ঘুরে অব্যবস্থাপনার ছোটখাট অনেক চিত্রই পাওয়া গেল। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ; কিন্তু চার দলের ফুটবলারদের জন্য ড্রেসিং রুম দুটি। বিকাল সাড়ে ৪টায় প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ সাড়ে ৭টায়। দুই ম্যাচের ফাঁকে ঘণ্টা দেড়েকের মধ্যে ফুটবলারদের পক্ষে সব গুছিয়ে নেওয়া কঠিন। স্বাভাবিকভাবে দেখা গেল, দুই দল ম্যাচ শেষ করে ড্রেসিংরুমে পোশাক-বদলানোর আগেই পরের ম্যাচের দুই দল এসে হাজির। অগত্যা বাইরেই কিছুক্ষণ ঠাঁই দাঁড়িয়ে থাকলেন খেলোয়াড়রা।

দর্শকের উপস্থিতিও হতাশ করার মতো। সিলেট, রাজশাহী, যশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা দেখা গেছে, চট্টগ্রামে তেমনটা ছিল না। প্রায় ৩০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের শুরুতে দর্শক ছিল চার থেকে পাঁচ হাজারের মতো; শেষ দিকে ঠেকল হাজার দশেকে। দ্বিতীয় ম্যাচে ইস্ট বেঙ্গলের বিপক্ষে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী খেললেও গ্যালারি ভরেনি দর্শকে।

মাঠের মান নিয়েও আছে প্রশ্ন। কোথাও উঁচু-কোথাও নিচু; কোথাও ঘাস আছে, কোথাও নেই। মাঝ মাঠে থাকা ক্রিকেটের পিচের ওপর নতুন করে মাটি বসানো হয়েছে; রোল করেও সেটা সমান করা যায়নি। মাঠ পরিচর্যার দায়িত্বে থাকা মোহাম্মদ জাহাঙ্গীর বললেন, “দেখুন, মাঠটা ঠিকঠাক করার জন্য আমরা পর্যাপ্ত সময় পাইনি। বৃষ্টিও ছিল। বলতে পারেন, মাত্র তিন দিনের প্রচেষ্টায় এত দূর তৈরি করতে পেরেছি।”

চট্টগ্রামের এই আসরকে সারা দেশ ও দেশের বাইরে যারা ছড়িয়ে দেবেন; সেই গণমাধ্যম কর্মীদের জন্যও ছিল না পর্যাপ্ত ব্যবস্থা। ছাদে টিনশেডের তিনটি ঘরে বাংলাদেশ বেতার, চ্যানেল নাইন এবং প্রিন্ট ও অনলাইনের গণমাধ্যম কর্মীদের বসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ম্যাচের আগে গিয়ে দেখা গেলো, কোনোটাই পুরোপুরি প্রস্তুত নয়; কোথাও বিদ্যুতের কাজ চলছে, কোথাও চেয়ার বসানোর। প্রেসবক্স নামের বালাই নেই; প্রেস কনফারেন্স রুমে বসতে হয়েছে; টেবিল না থাকায় গণমাধ্যম কর্মীদের অনেককে কোলের ওপর ল্যাপটপ রেখেও করতে হয়েছে কাজ। শুরুর দিকে ছিল না ইন্টারনেট ব্যবস্থাও। এমনকি, শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ চলে যাওয়ার দুর্ঘটনাও ঘটেছে।

দর্শকের খরা আর অব্যবস্থাপনা প্রসঙ্গে আয়োজকরা অবশ্য সময়ের স্বল্পতাকেই সামনে আনছেন। দর্শক উপস্থিতি নিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের দাবি, “চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ৩০ হাজারের বেশি। উদ্বোধনী দিনে প্রায় ১৫ হাজারের মতো দর্শক এসেছে।”

দুর্গাপূজার কারণে দর্শক শুরুতে কিছুটা কম হয়েছে বলে মনে করছেন তিনি।

ঢাকা আবাহনী ও করাচি ইলেক্ট্রিকের ম্যাচ দেখতে আসা লাভ লেইন এলাকার বাসিন্দা আরেফিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেভাবে প্রচার করা হয়েছে সেভাবে দর্শক উপস্থিতি নেই। প্রচারের কৌশলে হয়তো আয়োজকদের ঘাটতি ছিল।”

বিষয়টি স্বীকার করে আ জ ম নাছিরউদ্দিন বলেন, “টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা পর্যাপ্ত সময় পায়নি। সাত দিনের মধ্যে আমাদের সব কিছু করতে হয়েছে। আশা করি, পরের ম্যাচগুলোয় দর্শক উপস্থিতি বাড়বে।”

বিভিন্ন অব্যবস্থাপনা প্রসঙ্গেও নাছির উদ্দিন কম সময় পাওয়ার কথাই বললেন।

“কম সময়ে আমাদের এ টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে। তাই শুরুতে কিছুটা সমস্যা হয়েছে। তবে দ্রুতই এসব সমস্যা ঠিক হয়ে যাবে।”