২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির বিপক্ষে রিয়ালের শীর্ষে ওঠার লড়াই

চোট সমস্যা দলের শক্তি কমিয়ে দিয়েছে; পারফরম্যান্সে ছন্দের ওঠানামাও বাড়তি দুশ্চিন্তা কোচ রাফায়েল বেনিতেসের। দারুণ ফর্মে থাকা পিএসজি তাই কঠিন পরীক্ষায় ফেলতে পারে রিয়াল মাদ্রিদকে। তবে লড়াইটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বলেই হয়তো জয়ের ধারা ধরে রাখার আশা জোগাচ্ছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 01:52 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পিএসজির তারকা খেলোয়াড় এদিনসন কাভানি অবশ্য রিয়ালের সাম্প্রতিক সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। প্রতিপক্ষের দুর্বলতায় স্বস্তিও খুজছেন না; বরং সতীর্থদের আরও সতর্ক থাকতে বললেন উরুগুয়ের এই স্ট্রাইকার। তার মতে, কয়েক সেকেন্ডেই ম্যাচের ফল গড়ে দিতে পারে রিয়াল।

বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে দল দুটি। গ্রুপ পর্বের প্রথম দুই রাউন্ডেই জেতা রিয়াল ‘এ’ গ্রুপের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা পিএসজির পয়েন্টও দুই ম্যাচে সমান ৬, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।

প্রতিযোগিতায় রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে লড়াইয়ে ঘরের মাঠে খেলার সুবিধা থাকছে পিএসজির। এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত দলটি সব প্রতিযোগিতা মিলে ১৩ ম্যাচের ১১টিতে জিতেছে, দুটিতে ড্র করেছে। ঘরের মাঠে সমর্থকদের সামনে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স আরও দুর্দান্ত; শেষ নয় ম্যাচের আটটিতেই জিতেছে তারা, অন্যটি ড্র। এই ম্যাচগুলোতে তারা মোট ২৯ বার প্রতিপক্ষের জালে বল পাঠায়।    

এ মৌসুমে রিয়ালও অবশ্য এখন পর্যন্ত হারেনি। তবে সব প্রতিযোগিতা মিলে ১০ ম্যাচের সাতটিতে জেতা দলটির বড় ভাবনা, ধারাবাহিক পারফরম্যান্স না করতে পারা। স্পোর্তিং গিহনের সঙ্গে যেমন গোলশূন্য ড্র করে লিগ শুরু করা রিয়াল পরের দুই রাউন্ডে যথাক্রমে ৫-০ ও ৬-০ ব্যবধানে জেতে। চতুর্থ ও পঞ্চম রাউন্ডে ন্যূনতম ব্যবধানে জেতার পরের দুই রাউন্ডে ড্র করে বসে তারা।

গত শনিবার অবশ্য লেভান্তেকে ৩-০ ব্যবধানে সহজেই হারিয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করার পাশাপাশি ছন্দে ফেরার আভাস দিয়েছে রিয়াল। ওই ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর গোল পাওয়াটাও ভালো খবর রিয়ালের জন্য।

তারপরও চোট সমস্যা ঘিরে ধরায় কোচ বেনিতেস নির্ভার হতে পারছেন না। আগে থেকেই মাঠের বাইরে থাকা হামেস রদ্রিগেস, করিম বেনজেমা, পেপে, দানি কারবাহাল ও লুকা মদ্রিচদের সঙ্গে এবার যোগ হয়েছে গ্যারেথ বেল। পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

মদ্রিচকে নিয়ে অবশ্য কিছুটা স্বস্তির খবর আছে রিয়াল সমর্থকদের জন্য। ঊরুর চোটের কারণে মাঠের বাইরে থাকা এই তারকা অনুশীলনে ফিরেছেন।

ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার ফেরাটা স্বস্তির হলেও আক্রমণভাগের দুশ্চিন্তা কমছে না কোচের। বেনজেমার পর এবার বেলও ছিটকে পড়ায় রিয়ালের আক্রমণভাগে এখন বড় তারকা কেবল রোনালদো।

তারপরও সতীর্দের সতর্ক করে দিয়ে পিএসজি তারকা কাভানি বলেন, “এটার মতো ম্যাচে খেলাটা সবসময়ই একটা সম্মানের। তাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে যারা কয়েক সেকেন্ডেই ম্যাচের ফল গড়ে দিতে পারে।”

পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পরিসংখ্যানেও স্বস্তি পাচ্ছে না রিয়ালক। দুই দশকের বেশি সময় আগে দুই লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দল দুটি; দুইবারই হেরেছিল রিয়াল। ১৯৯৩ সালের উয়েফা কাপে ৫-৪ ব্যবধানে হারের ১২ মাস পর উয়েফা কাপ উইনার্স কাপে ২-১ গোলে হারে তারা। এবার তাই পুরনো কষ্ট কিছুটা হলেও ভোলার সুযোগ পেয়েছে রিয়াল।

জয়-পরাজয়ের মাঝে এই ম্যাচে থাকছে আবেগের একটা জায়গাও। সেটা হলো, রিয়াল ছাড়ার পর এবারই প্রথম তাদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন আনহেল দি মারিয়া। মাদ্রিদের দলটিতে চার বছরের ক্যারিয়ারে সেখানে অন্যতম সেরা তারকা ছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

এই মৌসুমেই ফ্রান্সের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে যে ধারাবাহিক ফর্মে আছেন দি মারিয়া, তাতে বুধবারের ম্যাচে তিনি জ্বলে উঠতে পারলে রিয়াল সমর্থকদের হতাশা বাড়তে পারে।