সুযোগ নষ্ট করে হারল চট্টগ্রাম আবাহনী
গোলের সহজ সুযোগ হারানোর চড়া মাশুল দিল চট্টগ্রাম আবাহনী। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে নিজেদের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিকরা।
খর্বশক্তির ইস্ট বেঙ্গলের বিপক্ষে গোলের একাধিক সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারায় চড়া মাশুল দিতে হলো স্বাগতিকদের। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ইস্ট বেঙ্গলের কাছে ২-১ গোলের হেরেছে টুর্নামেন্টের আয়োজকরা।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে ষোড়শ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি তৈরি করে ইস্ট বেঙ্গল। কিন্তু দীপক কুমার মন্ডলের ক্রসে প্রহ্লাদ রায়ের হেড লক্ষ্যে থাকেনি।
৩২তম মিনিটের সুযোগটি আর নষ্ট করেনি অতিথিরা। প্রতিপক্ষের আক্রমণ প্রথম দফায় রুখে দিলেও বল গ্লাভসে জমাতে পারেননি চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক রাসেল মাহমুদ; দ্বিতীয় দফায় জমানোর চেষ্টা করার আগেই মোহাম্মদ রফিক জোরালো শটে লক্ষ্যভেদ করেন।
৩৭তম মিনিটে এলিটা কিংসলে জাহিদ হোসেনকে বল বাড়ান। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও তালগোল পাকিয়ে সুযোগটি নষ্ট করেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতায় ফিরতে মরিয়া আক্রমণে যায় চট্টগ্রাম আবাহনী। ৫৭তম মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ নষ্ট করে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। বক্সের জটলার মধ্যে কিংসলের দুর্বল শট বাধা পাওয়ার পর জাহিদ হাসান এমিলি পা ছোঁয়ালেও হতাশ হতে হয় স্বাগতিকদের।
৭২তম মিনিটে প্রহ্লাদ রায় ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের ভাগ্য ইস্ট বেঙ্গলের দিকে ঝুঁকে পড়ে।
চট্টগ্রাম আবাহনী ম্যাচে ফেরে ৭৮তম মিনিটে; হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের ক্রসে এলিটা কিংসলে মাথা ছোঁয়ানোর পর ইস্ট বেঙ্গলের বেল্লো রাসাকের মাথায় লেগে বল জালে জড়ায়।
শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পায় চট্টগ্রাম আবাহনী। কিন্তু কিংসলে সরাসরি ইস্ট বেঙ্গল গোলরক্ষক বরাবর শট নিলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় টুর্নামেন্টের আয়োজকদের।
জয় দিয়ে ‘বি’ গ্রুপের খেলা শুরু করলেও শিষ্যরা চাওয়া পূরণ করতে পারেননি বলে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জানান ইস্ট বেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, “জিতেছি কিন্তু এটাই আমার ছেলেদের সেরা খেলা নয়। তারা আরও ভালো খেলতে পারে।”
সামনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে চট্টগ্রাম আবাহনী কোচ মানিক হারের কারণ হিসেবে বলেন, “প্রস্তুতির কমতি ছিল, তবে আমাদের মূল সমস্যা ফিটনেস নিয়ে।”
