জিতেও শিষ্যদের সমালোচনা আবাহনী কোচের
করাচি ইলেক্ট্রিককে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শুভসূচনা পেলেও দুই গোল হজম করাটা মেনে নিতে পারছেন না অমলেশ সেন। রাখঢাক না করেই শিষ্যদের দ্বিতীয়ার্ধের খেলার সমালোচনা করেছেন ঢাকা আবাহনীর কোচ।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন করাচি ইলেক্ট্রিকের বিপক্ষে ঢাকা আবাহনীর জয়টি ৩-২ গোলের। দ্বিতীয়ার্ধে খাওয়া এই দুই গোল নিয়ে অসন্তুষ্টির কথা জানান অমলেশ।
“খেলোয়াড়রা প্রথমার্ধে পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলতে পারলেও দ্বিতীয়ার্ধে ক্লান্তি ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে খেলতে পারেনি। অতিরিক্ত ড্রিবলিং করতে গেছে অনেকে। এ কারণে দুটি গোল হয়েছে।”
অবশ্য ইমন-চিজোবাদের প্রথমার্ধের খেলা নিয়ে সন্তুষ্ট আবাহনী কোচ জানালেন প্রথমার্ধে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলার কারণও।
“আমরা প্রথমে তাদের (করাচি) বুঝতে পেয়েছিলাম। তবে আমাদের দুইটা উইং ভালো খেলেছে এবং আমরা গোলও পেয়েছি।”
“খেলোয়াড়রাও প্রথমার্ধে পরিকল্পনা অনুযায়ী খেলেছে”, যোগ করেন তিনি।
আবাহনীর সাথে পয়েন্ট হারিয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন অতিথি দল করাচি ইলেক্ট্রিকের কোচ মাজিদ শফিক। দ্বিতীয়ার্ধে রাসুল-নবিদের খেলা খুশি তিনি।
“এ ম্যাচ থেকে আমরা অনেক শিখেছি। দ্বিতীয়ার্ধে তাদের ওপর আধিপত্য করেছি।”
