রিয়ালকে মোকাবেলায় প্রস্তুত ইব্রাহিমোভিচ
বিশ্বের অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদেকে মোকাবেলা করার জন্য পিএসজি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ।
রিয়াল মাদ্রিদ-পিএসজির 'এ' গ্রুপের ম্যাচটি দুই দলের জন্য পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার লড়াইও। দুই ম্যাচ শেষে রিয়াল আর পিএসজির পয়েন্ট ৬। গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে এই মুহূর্তে শীর্ষে আছে রিয়াল।
স্পেনের পরাশক্তি রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবারের ম্যাচটিতে লড়াই করার জন্য পিএসজি ভালো অবস্থায় আছে বলেই উল্লেখ করেন ফ্রান্সের ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ।
"বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে আমরা ঘরের মাঠে খেলব; এটা দারুণ হবে। আমরা এখন এই ম্যাচে মনোযোগ দিতে পারি; আমরা প্রস্তুত।"
মার্শেইয়ের বিপক্ষে জোড়া গোল করেই পিএসজির সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন ইব্রাহিমোভিচ। এর পর বাস্তিয়ার বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে পিএসজির হয়ে নিজের গোলসংখ্যা ১১২টিতে নিয়ে যান তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি লিগের মতো এত সহজ হবে না বলেই মনে করেন সুইডেনের এই ফরোয়ার্ড।
"রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি বাস্তিয়ার ম্যাচটির চেয়ে সম্পূর্ণ ভিন্ন।"
পিএসজির মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচটি শুরু হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
