পিএসজির বিপক্ষে নেই বেল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদ শিবির আরেকটি বড় ধাক্কা খেল। চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছেন আক্রমণভাগের বড় তারকা গ্যারেথ বেল।
গত শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে পায়ের পেশিতে চোট পান বেল। ওয়েলস ফরোয়ার্ডের চোটের বিষয়ে রিয়াল কর্তৃপক্ষ বিস্তারিত কিছু না জানালেও এটা নিশ্চিত যে, বুধবার পিএসজির বিপক্ষে খেলা হচ্ছে না তার।
এই নিয়ে চোট পেয়ে ছিটকে পড়া রিয়ালের খেলোয়াড়দের তালিকাটা আরও লম্বা হলো। আগে থেকেই মাঠের বাইরে আছেন হামেস রদ্রিগেস, করিম বেনজেমা, পেপে, দানি কারবাহাল ও লুকা মদ্রিচ।
ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মদ্রিচকে ঘিরে অবশ্য কিছুটা স্বস্তির খবর আছে রিয়াল সমর্থকদের জন্য। ঊরুর চোটের কারণে মাঠের বাইরে থাকা এই তারকা অনুশীলনে ফিরেছেন। তবে পিএসজির বিপক্ষে গ্রুপ 'এ' ম্যাচে তার খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু এখনও জানায়নি স্পেনের ক্লাবটি।
গ্রুপ পর্বের প্রথম দুই রাউন্ডেই জেতা রিয়াল ‘এ’ গ্রুপের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা পিএসজির পয়েন্টও দুই ম্যাচে সমান ৬, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।
