প্রতিষ্ঠাতার নামে টুর্নামেন্ট স্মরণীয় করতে চায় আবাহনী
ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের নামেই এই আন্তর্জাতিক ক্লাব কাপের আয়োজন। টুর্নামেন্ট ঘিরে ঢাকা আবাহনীর আশাটা বাকি দলগুলোর চেয়ে স্বাভাবিকভাবে বেশি। দলটির অধিনায়ক প্রাণোতোষ দাসও জানালেন, আসরটি স্মরণীয় করে রাখতে চান তারা।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় করাচি ইলেক্ট্রিকের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। আগের দিনের সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানান অধিনায়ক প্রাণোতোষ ও কোচ অমলেশ সেন।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রাথমিক লক্ষ্য ঠিক করার কথা জানিয়ে কোচ অমলেশ বলেন, “যখন আমরা এই আসরে খেলার আমন্ত্রণ পেয়েছি, তখন থেকেই প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনাল খেলা।”
করাচি ইলেক্ট্রিক ছাড়াও ঢাকা আবাহনীর সঙ্গে ‘বি’ গ্রুপে আছে ইস্ট বেঙ্গল ও চট্টগ্রাম আবাহনী। বাকিদের মতো অমলেশও মানছেন ‘ডেথ গ্রুপে’ পড়েছে তার দল। তবে সব বাধা পেরিয়ে লক্ষ্য পূরণে আশাবাদী তিনি।
“চ্যাম্পিয়ন হতে হলে কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে হবে আমাদের। ছেলেদের ফিটনেস ভালো আছে। আমি খুব আশাবাদী। আত্মবিশ্বাস নিয়েই আমরা খেলতে নামব।”
প্রিমিয়ার লিগের গত মৌসুমে প্রত্যাশিত সাফল্য পায়নি ঢাকা আবাহনী। চতুর্থ হয় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি। ২০১০ সালে বরদুলুই কাপে চ্যাম্পিয়ন হওয়াটাই দলটির আন্তর্জাতিক কোনো আসরে সেরা সাফল্য।
সাফল্যের এই খরা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ঘোচানোর লক্ষ্য অধিনায়ক প্রাণোতোষের। আবাহনী প্রতিষ্ঠাতা শেখ কামালের নামে টুর্নামেন্ট বলে সেরা হওয়ার তাগাদা আরও বেশি বলেও জানান তিনি।
“আবাহনীর প্রতিষ্ঠাতার নামেই এই আসর…এই টুর্নামেন্ট আমরা স্মরণীয় করে রাখতে চাই।”
কোনো প্রতিপক্ষকে অবশ্য ছোট করে দেখছেন না ঢাকা আবাহনী অধিনায়ক, “এই আসরে খেলা আটটি দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে। আমরাও একই চেষ্টা করব।”
কোচের মতো প্রাণোতোষও সেরা চারে খেলার প্রাথমিক লক্ষ্য ঠিক করার কথা জানান। তবে লক্ষ্য পূরণের যাত্রাটা পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন করাচি ইলেক্ট্রিককে হারিয়েই করতে উন্মুখ তিনি।
“গ্রুপের দুটো ম্যাচ জিতে আমরা সেমি-ফাইনালে খেলতে পারব। সেমিতে খেলাই আমাদের প্রথম লক্ষ্য। গ্রুপের প্রথম ম্যাচটি জেতা তাই আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”
