২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট বেঙ্গলকে হারিয়ে শুরুর স্বপ্ন চট্টগ্রাম আবাহনীর

ঐতিহ্য বা শক্তি - কোনো দিক থেকেই ইস্ট বেঙ্গলের সঙ্গে তুলনা চলে না চট্টগ্রাম আবহনীর। কিন্তু আত্মবিশ্বাসের পাল্লায় মাপলে ভারতের ঘরোয়া লিগের অন্যতম সফল দলটির চেয়ে মোটেও পিছিয়ে নেই টুর্নামেন্টের আয়োজক দলটি। অধিনায়ক জাহিদ হাসান এমিলিও জানালেন জয় দিয়ে শুরু চান তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 09:47 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। আগের দিনের সংবাদ সম্মেলনে এমিলি জয়ে শুরুর আশাবাদ জানান।
 
নিজেদের শক্তির সীমাবদ্ধতা জেনেই এই আসরের জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে ধারে ১২ জন ফুটবলারকে এনেছে চট্টগ্রাম আবাহনী। সতীর্থদের কাছে এখন এমিলির চাওয়া একটাই-ইস্ট বেঙ্গলের বিপক্ষে সবাই যেন সেরাটা দেয়।
 
“ইস্ট বেঙ্গলের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। …আশা ও বিশ্বাস আছে ইস্ট বেঙ্গলের বিপক্ষে জয় দিয়ে শুরু করব আমরা।”
 
“এলিটা কিংসলে আছে; মিঠু, জাহিদ, মিশু আছে-সবাই যেন মাঠে ও মাঠের বাইরের কাজগুলো ঠিকঠাক করতে পারি। জয়ের প্রস্তুতি নিয়েই নামব”, যোগ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
 
আয়োজকরা মাঠ প্রস্তুত বলে দাবি করলেও এমএ আজিজ স্টেডিয়ামে গিয়ে দেখা গেল মাঠে কোথাও ঘাস আছে, কোথাও নেই। রোল করা হলেও মাঠ সমতল হয়নি; কোথাও কোথাও উঁচুনিচু রয়ে গেছে।
 
মাঠের অবস্থার চেয়েও চট্টগ্রাম আবাহনীর কোচ শফিকুল ইসলাম মানিকের ভাবনা প্রস্তুতির কমতি নিয়ে। কিভাবে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেওয়া যায় সেই পরিকল্পনা করছেন তিনি।
 
“প্রস্তুতিতে কমতি আছে। তবে মনোবল, কৌশল আর ভাগ্য দিয়ে এটা জয় করা যায়। স্বাগতিক হয়েও আমরা ডেথ গ্রুপে পড়েছি কিন্তু আমাদের লক্ষ্য, সেরা দুই দলের একটি হয়ে গ্রুপ পর্ব শেষ করা। ছেলেরা সেরাটা দিতে পারলে আশা করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।”