প্রস্তুতি নিয়েই এসেছে পাকিস্তানের চ্যাম্পিয়নরা
অবাক করার মতোই তথ্য দিলেন করাচি ইলেক্ট্রিক দলের ম্যানেজার, ২০১৪-১৫ মৌসুমের পর পাকিস্তানে কোনো ঘরোয়া ফুটবল হয়নি! তবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের জন্য ভালো মতো প্রস্তুতি নিয়েছে দলটি।
পাকিস্তানের বা তাদের পরিস্থিতি যাই হোক না কেন; ২০১৬ সালের এএফসি কাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করা করাচি ইলেক্ট্রিকের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই মোটেও। পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের কোচ আছে দলটির; আছে দুজন বিদেশী খেলোয়াড়ও। সব মিলিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে শুভসূচনার অপেক্ষায় আছে তারা।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে তারা। আগের দিনের সংবাদ সম্মেলনে করাচি ইলেক্ট্রিক কোচ মাজিদ শাফিক দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাই জানান।
২০০৫ সালে পাকিস্তান প্রিমিয়ার লিগে করাচি ইলেক্ট্রিক নাম লেখায়। ২০১৪-১৫ সালে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে দলটি। এই প্রাপ্তির সুবাদে এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফে খেলার টিকেটও পায় তারা। নিজেদের গ্রুপে সেরা হয়ে বাছাই পর্বে উঠে গেছে করাচি।
ভালো সময়ের মধ্য দিয়ে যাওয়ায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ নিয়েও আশাবাদী দলটির অধিনায়ক মোহাম্মদ ইসা। নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা অবশ্য জানালেন না করাচি অধিনায়ক, “এই আসরের জন্য আমরা পুরো প্রস্তুতি নিয়েছি; ইতিবাচক ফুটবল খেলব; নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।”
তিন মাসের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ শাফিকও। প্রতিপক্ষ নিয়ে খুব বেশি জানাশোনা না থাকলেও তাতে কোনো সমস্যা দেখছেন না ৪২ বছর বয়সী পাকিস্তান বংশোদ্ভূত এই ইংলিশ কোচ।
“প্রতিপক্ষ সম্পর্কে খুব বেশি জানি না। এ মুহূর্তে আমরা নিজেদের দিকেই দৃষ্টি দিচ্ছি এবং সামনের দিকে তাকিয়ে আছি।”
কোচ ও অধিনায়কের মতোই করাচি দলের ম্যানেজার জাবে খান এই টুর্নামেন্টে খেলতে আসার আমন্ত্রণ জানানোয় আয়োজকদের ধন্যবাদ দিলেন বারবার; নিজ দেশের ঘরোয়া ফুটবলের দুরবস্থাও তুলে ধরলেন।
“এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপে আমরা খেলতে এসেছি। ২০১৪-১৫ মৌসুমের পর পাকিস্তানে কোনো ঘরোয়া ফুটবল নেই। ফুটবলাররা আমাদের ক্যাম্পে অনুশীলন করেছে; এই আসরের জন্য প্রস্তুতি নিয়েছে।”
