লেভানদোভস্কি-সানচেস দ্বৈরথের অপেক্ষা!
আন্তর্জাতিক বা ক্লাব ফুটবল, একের পর এক গোল করে যাচ্ছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কি আর আর্সেনালের আলেক্সিস সানচেস। অনেকেই মনে করছেন, চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের ম্যাচটির ফল লুকিয়ে আছে এই দুই ফরোয়ার্ডের দ্বৈরথেই।
ক্লাব ও দেশের হয়ে সবশেষ ছয় ম্যাচে ১০ গোল করেন চিলির ফরোয়ার্ড সানচেস। পোল্যান্ডের ফরোয়ার্ড লেভানদোভস্কি এ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে করেন ২২টি গোল। এর মধ্যে ১৫টি গোলই তিনি করেন সবশেষ খেলা ৭ ম্যাচে।
ভের্ডার ব্রেমেনের বিপক্ষে গত শনিবার বায়ার্নের ১-০ ব্যবধানের জয়ে গোল পাননি লেভানদোভস্কি। তবে পুরো মৌসুমে কখনোই টানা দুই ম্যাচ গোলহীন থাকেননি তিনি। এই পরিসংখ্যান মাথায় রাখলে হয়ত লেভানদোভস্কির আর্সেনালের বিপক্ষে গোল পাওয়ার পক্ষে বাজি ধরবেন অনেকেই।
