সোসিয়েদাদের মাঠে আতলেতিকোর সহজ জয়
লা লিগায় দুই রাউন্ড পর জয়ে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।
গত দুই রাউন্ডে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হারের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আতলেতিকো।
প্রতিপক্ষের মাঠে রোববার আন্তোনিও গ্রিজমানের অসাধারণ এক গোলে শুরুতেই এগিয়ে যায় আতলেতিকো। মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে ক্ষিপ্র গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান ফরাসি এই স্ট্রাইকার।
ম্যাচের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে সোসিয়েদাদের দুই জন খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয়। ৮৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বদলি হিসেবে নামা ব্রাজিলের ফরোয়ার্ড জোনাথাস। আর যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মেক্সিকোর ডিফেন্ডার দিয়েগো রেইস।
এর খানিক পরেই ব্যবধান বাড়িয়ে আতলেতিকোর জয় নিশ্চিত করেন বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ানিক কারাস্কো।
আট ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ১৬; পঞ্চম স্থানে আছে তারা।
রিয়াল মাদ্রিদ, সেল্তা দে ভিগো ও বার্সেলোনার পয়েন্ট ১৮।
