২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকাওয়ে যৌথভাবে ১৭তম সিদ্দিকুর

ম্যাকাও ওপেনের চতুর্থ রাউন্ডে আরেকটু উন্নতি করেছেন সিদ্দিকুর রহমান। ছয় জনের সঙ্গে যৌথভাবে ১৭তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 05:49 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

রোববার টুর্নামেন্টের চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিকুর। পাঁচটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) ও চারটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন তিনি।

তিন রাউন্ড মিলে পারের চেয়ে ছয় শট কম খেলে ২২তম থেকে সপ্তদশ স্থানে উঠে আসেন সিদ্দিকুর।

প্রথম রাউন্ডে পারের চেয়ে ছয় শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে ছন্দ হারান। দ্বিতীয় দিন পারের চেয়ে তিন শট বেশি খেলে ৩০তম স্থানে নেমে গিয়েছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। পরে শনিবার তৃতীয় রাউন্ডে দুই শট কম খেলে আট ধাপ উপরে উঠে আসেন তিনি।

সব মিলে পারের চেয়ে ২০ শট কম খেলে ১ লাখ ডলার প্রাইজমানির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড।