২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রস্সির মাইলফলকের ম্যাচে রোমার জয়

এএস রোমার হয়ে নিজের ৫০০তম ম্যাচটিকে জয় দিয়ে স্মরণীয় করে রেখেছেন দানিয়েলে দে রস্সি। এম্পোলিকে ৩-১ ব্যবধানে হারাতে একটি গোলও করেন ইতালির এই মিডফিল্ডার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 11:28 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

নিজেদের মাঠে শনিবার রাতে সহজ জয় পেলেও প্রথমার্ধে গোলহীনই ছিল রোমা। ম্যাচের চারটি গোলই অবশ্য দ্বিতীয়ার্ধে হয়।
 
গত মৌসুমের রানার্সআপ রোমাকে ৫৬তম মিনিটে এগিয়ে দেন মিরালেম পিয়ানিচ। বসনিয়া ও হার্জেগোভিনার এই মিডফিল্ডার গোলটি করেন অসাধারণ এক ফ্রি-কিকে। 
 
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রস্সি। আর ৬৯তম মিনিটে ম্যাচটি এম্পোলির ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যান মোহামেদ সালাহ।
 
৭৫তম মিনিটে অবশ্য একটি গোল ফেরত দেয় এ মৌসুমে লিগে পঞ্চমবারের মতো হারের মুখ দেখা এম্পোলি।
 

এই জয়ে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোমা। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিওরেন্তিনা। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান। শনিবার অন্য ম্যাচে তুরিনোর মাঠে থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে এসি মিলান। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে তারা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তুরিনো আছে পঞ্চম স্থানে।  প্রতিপক্ষের মাঠে কার্লোস বাক্কার ৬৩তম মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল মিলান। কিন্তু ৭৩তম মিনিটে গোলটি শোধ করে দেন স্বাগতিক দলের ইতালিয়ান মিডফিল্ডার দানিয়েলে বাসেল্লি।