লেভান্তেকে হারিয়ে শীর্ষে রিয়াল
পরপর দুই ম্যাচ পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে জয়ের পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড গড়ার দিনে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে আপাতত লা লিগার শীর্ষেও উঠে এসেছে স্পেনের সফলতম ক্লাবটি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রিয়ালের তিন গোলদাতা হলেন মার্সেলো, রোনালদো ও হেসে রদ্রিগেস।
ছন্দে ফেরার লড়াইয়ের এই ম্যাচে শুরুতেই বড় বাঁচা বেঁচে যায় রিয়াল। চতুর্থ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার মার্তির প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস।
ঘরের মাঠে সমর্থকদের পাশে পেলেও প্রথম ১০ মিনিটে বল দখলে রাখতে রোনালদো-বেলদের বেশ লড়াই করতে হয়।
পঞ্চদশ মিনিটে ম্যাচে প্রথম গোছানো একটি আক্রমণ করে রিয়াল। ওয়েলসের ফরোয়ার্ড বেল দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে রোনালদোকে পাস দেন, কিন্তু পর্তুগিজ তারকাকে ধাক্কা দেন লেভান্তের মিডফিল্ডার সিমাও। পেনাল্টির জোরালো আবেদন করে স্বাগতিকরা, তবে রেফারি সাড়া দেননি।
পাঁচ মিনিট পরেই অবশ্য কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে রোনালদোর সঙ্গে দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো।
তিন মিনিট পর আবারও রিয়ালের গোল উৎসব। এবারের নায়ক দলের সেরা তারকা রোনালদো। টনি ক্রুসের বাড়ানো বল ধরে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনবারের বর্ষসেরা তারকা।
লিগে পাঁচ ম্যাচ পর গোল পেলেন রোনালদো। এবারের লা লিগায় এটা তার ষষ্ঠ গোল।
আর এই গোলেই সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়ালের ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন রোনালদো। এখানে তার মোট গোল হলো ৩২৪।
৫৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেননি জার্মান মিডফিল্ডার ক্রুস।
৬৪তম মিনিটে ব্যবধান কমানোর সবচেয়ে সহজ সুযোগটি পায় লেভান্তে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও পারেননি বদলি নামা ফরাসি স্ট্রাইকার নাবিল ঘিলাস।
৮১তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা হেসে রদ্রিগেস।
এই জয়ে শীর্ষে উঠে আসা রিয়ালের পয়েন্ট হলো ১৮।
