২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে রোনালদোর গোলের রেকর্ড

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 09:25 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

লা লিগায় শনিবার লেভান্তের বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করে এই চূড়ায় ওঠেন রোনালদো। রিয়ালের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে এখন পর্তুগিজ এই তারকার মোট গোল হলো ৩২৪টি।

গত ৩০ সেপ্টেম্বর মালমোর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করে রাউল গনসালেসের রেকর্ড (৩২৩ গোল) স্পর্শ করেন রোনালদো। এরপর লিগে দুটি ম্যাচ খেললেও জালে বল পাঠাতে পারেননি।

রিয়াল মাদ্রিদ অবশ্য মালমোর জালে জোড়া গোল করার পরই রোনালদোকে তাদের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি দিয়ে দেয়। ২০১০ সালের সেপ্টেম্বরে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পেপের একটি গোল রোনালদোর হিসেবে ধরে তারা।

পাঁচ বছর আগের ওই ম্যাচে রোনালদোর শট পেপের পিঠে লেগে ওই সময়ের সোসিয়েদাদ গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোর মাথার উপর দিয়ে জালে জড়িয়েছিল।

রিয়াল দাবি করলেও পরিসংখ্যানের পাতায় গোলটি রোনালদোর নামে লেখা হয়নি। এবার তাই আনুষ্ঠানিকভাবে রাউলকে ছাড়িয়ে রিয়ালের ইতিহাসের সেরা গোলদাতা হলেন পর্তুগিজ তারকা।