নেইমারের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা
সান্তোস ছেড়ে নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২০১৩ সালের জুনে ব্রাজিলের সান্তোস থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন নেইমার।
২০১১ সালে বার্সেলোনা নেইমারের বাবার প্রতিষ্ঠানকে এক কোটি ইউরো দিয়েছিল। কিন্তু এই বিষয়ে সান্তোসকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছে ক্লাবটি। নেইমারকে কেনার অধিকার নিশ্চিত করার জন্যই ওই অর্থ দেওয়া হয়েছিল। পরে নেইমারকে নেওয়া চূড়ান্ত হওয়ার পর ২০১৩ সালে আরও তিন কোটি ইউরো সরাসরি নেইমারের বাবার প্রতিষ্ঠানকে দেয় বার্সেলোনা।
চুক্তির শর্ত ভঙ্গ করায় ফিফার কাছে নেইমারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার আবেদন করে সান্তোস। ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি ৫০ লাখ ইউরোও দাবি করে ক্লাবটি। তবে সান্তোস কর্তৃপক্ষের দাবি, তাদের সাবেক তারকা খেলোয়াড় নেইমারের ক্যারিয়ারের কোনো ক্ষতি তারা করতে চান না।
ফিফা শুক্রবার রয়টার্সকে নেইমার ও বার্সেলোনার বিরুদ্ধে সান্তোসের আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে জানায়, বিষয়টি এখন তদন্তের আওতায় আছে।
