‘মেসিকে ফেরাতে তাড়া নেই’
বার্সেলোনা আর আর্জেন্টিনার লিওনেল মেসিকে বড্ড প্রয়োজন। তবে লুইস এনরিকে নিশ্চিত, এর জন্য তারকা ফরোয়ার্ডকে মাঠে ফেরানোর বিষয়ে কেউই তাড়াহুড়ো করবে না।
স্পেনের লা লিগায় গত মাসে লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পান বার্সেলোনার ফরোয়ার্ড। ধারণা করা হচ্ছে, আরও চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে একটি মাত্র ড্র পাওয়া আর্জেন্টিনার পরের প্রতিপক্ষ ব্রাজিল। ঘরের মাঠে আগামী ১৩ নভেম্বরের সেই ম্যাচে মেসিকে পেতে মরিয়া জেরার্দো মার্তিনোর দল।
এর নয় দিন পর স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। লিগের শুরুটা ভালো করতে না পারা স্পেন ও ইউরোপের চ্যাম্পিয়ন দলটিও তাদের সেরা খেলোয়াড়ের দ্রুত ফেরার অপেক্ষায় আছে।
