ইপিএলে সেপ্টেম্বরের সেরা মার্সিয়াল
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অন্টনি মার্সিয়াল। মাসের সেরা কোচের পুরস্কার গেছে টটেনহ্যাম হটস্পারের মাউরিসিও পচেত্তিনোর অধিকারে।
দলবদলের শেষ দিনে মোনাকো থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান মার্সিয়াল। ১৯ বছর বয়সী ফ্রান্সের এই ফরোয়ার্ড গত মাসে লিগে তিনটি গোল করেন। এর প্রথমটি আসে লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচে। বাকি গোল দুটি তিনি করেন সাউথ্যাম্পটনের বিপক্ষে।
সেপ্টেম্বরে ইপিএলে নিজেদের তিনটি ম্যাচের সবকটিই জেতে টটেনহ্যাম। এর মধ্যে একটিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় পচেত্তিনোর দল।
