নভেম্বরে বিদায় বলবেন রাউল
রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রাউল গনসালেস আগামী নভেম্বরে ফুটবলকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়েছেন।
বর্তমানে নিউ ইয়র্ক কসমসে খেলা রাউল ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে রিয়ালের হয়ে প্রচুর শিরোপা জেতেন। এর মধ্যে আছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ আর ছয়টি লা লিগা শিরোপা।
এ বছরের এপ্রিলে নিউ ইয়র্ক কসমসের হয়ে নর্থ আমেরিকান সকার লিগে (এনএএসএল) অভিষেক হয় ৩৮ বছর বয়সী রাউলের। নভেম্বরে মৌসুম শেষে অবসর নেবেন এই স্ট্রাইকার।
রিয়ালের হয়ে ৭৪১ ম্যাচে খেলে ৩২৩ গোল করে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা রাউল কসমসের যুব একাডেমির টেকনিক্যাল পরামর্শক হিসেবেও কাজ করছেন। অবসরের পর পুরোপুরিভাবে এই কাজে মন দেবেন তিনি।
অবসরের প্রসঙ্গে রাউল বলেন, “লম্বা সময় ধরে ফুটবল আমার জীবনের অংশ হয়ে আছে। অবসরের সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়। কিন্তু আমি মনে করি, এটাই সঠিক সময়।”
১৯৯৬ সালে স্পেন জাতীয় দলে অভিষেক হয় রাউলের। দেশের হয়ে ১০ বছরের ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ৪৪ গোল করেন তিনি।
১৯৯৪ সালে রিয়ালের মূল দলে অভিষেক হওয়া রাউল ২০১০ সালে শালকে জিরো ফোরে নাম লেখান। জার্মানির ক্লাবটিকে ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন রিয়াল ও স্পেনের সাবেক অধিনায়ক।
শালকে ছেড়ে ২০১২ সালে রাউল যোগ দেন কাতারের ক্লাব আল সাদে। সেখান থেকেই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
