২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরানকে খেলানোর লড়াই চালিয়ে যাবে বার্সা

আরদা তুরানকে দ্রুত মাঠে নামানোর অনুমতি পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাবে বার্সেলোনা। তুরস্কের এই প্লেমেকারকে 'দলভুক্ত' করার আবেদন নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) যাওয়ার জন্য তৈরি হয়েছে স্পেন ও ইউরোপের চ্যাম্পিয়ন ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 04:30 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

তুরানের বিষয়টি নিয়ে সিএএসে যাওয়ার কথা গত বুধবার জানায় বার্সেলোনা।

গত জুলাইয়ের শুরুতে আতলেতিকো মাদ্রিদ থেকে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন তুরান। তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে আগামী জানুয়ারির আগ পর্যন্ত তাকে ‘দলভুক্ত’ করানোর অনুমতি নেই বার্সেলোনার। অপ্রাপ্তবয়ষ্ক খেলোয়াড়দের দলে নেওয়ার ক্ষেত্রে নিয়ম ভাঙায় ফিফা বার্সেলোনাকে এই শাস্তি দেয়।

আইনে অবশ্য ব্যতিক্রমও আছে, চোটের কারণে কোনো খেলোয়াড় পাঁচ মাসের বেশি সময়ের জন্য ছিটকে পড়লে প্রচলিত 'ট্রান্সফার উইন্ডোর' বাইরে খেলোয়াড় দলভুক্ত করা যাবে। 

চোটের কারণে রাফিনিয়া লম্বা সময়ের জন্য ছিটকে পড়ায় আরদা তুরানকে খেলানোর অনুমতি চেয়ে স্প্যানিশ ফেডারেশন ও ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আবেদন করে বার্সেলোনা।

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, গত শুক্রবার উপস্থাপন করা ক্লাবটির সবশেষ অনুরোধে ফিফা সাড়া দেয়নি। এ কারণে বৃহস্পতিবার ফিফার আপিল কমিটির কাছে বিষয়টি উপস্থাপন করবে তারা।

শেষ পর্যন্ত ফিফা তুরানকে দলভুক্ত করার অনুমতি না দিলে বিষয়টি নিয়ে সিএএসে যাবে বার্সেলোনা।