শেখ কামাল কাপের আফগান দল চূড়ান্ত হয়নি
চট্টগ্রামে আগামী ২০ অক্টোবর শুরু হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আফগানিস্তানের দলটি এখনও চূড়ান্ত হয়নি।
বুধবার চট্টগ্রাম ক্লাবে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন কমিটির চেয়ারম্যান ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি জানান, আফগানিস্তানের জাতীয় লিগে গতবারের চ্যাম্পিয়ন দল এ বছর শীর্ষ তালিকায় না থাকায় কোন দলটি আসবে সেটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
তবে দুই একদিনের মধ্যেই এর সমাধান হবে বলে দাবি করে নাছির বলেন, “দুটি দলের মধ্যে একটি দলকে টুর্নামেন্টে পাঠাবে দেশটির ফুটবল ফেডারেশন।”
তিনি বলেন, এধরনের একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট একটি জেলা শহরে আয়োজনের করা নিয়েও বাধা ছিল। কিন্তু আমরা সেটার আয়োজন করতে পারছি।
গত সোমবার এই টুর্নামেন্টের ‘ড্র’ হয়। ‘এ’ গ্রুপে ঢাকা মোহামেডান, কলকাতা মোহামেডান ও শ্রীলঙ্কার সলিড এফসির সঙ্গে থাকবে আফগানিস্তানের একটি ক্লাব।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ২৫ হাজার ডলার এবং রানার্সআপ দল ১০ হাজার ডলার পুরস্কার পাবে। এছাড়া অংশ নেওয়ার জন্য প্রতিটি দল ৫ লাখ টাকা করে পাবে বলে আগেই জানিয়েছিল এ টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সামসুল হক চৌধুরী জানান, প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় এক হাজার এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিন হাজার ডলার করে প্রাইজমানি পাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম রাউন্ডে প্যাভিলিয়ন টিকিট ১০০ টাকা এবং গ্যালারি টিকিটের দাম রাখা হয়েছে ৫০ টাকা।
এছাড়া সেমি-ফাইনালে ২০০ ও ১০০ টাকা করে এবং ফাইনালে ৩০০ ও ১৫০ টাকা করে টিকিটের দাম ধরা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড টুর্নামেন্টের স্পন্সর হলেও মোট কত টাকার বাজেটে এই টুর্নামেন্ট করা হচ্ছে তার কিছুই জানায়নি আয়োজকরা।
আগামী ১৮ অক্টোবর থেকে দলগুলো চট্টগ্রামে আসতে শুরু শুরু করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
দলগুলো চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম, দামপাড়া পুলিশ লাইন্স মাঠে অনুশীলন করবে।
