আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় মেসির
চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে পড়ার হতাশা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রত্যয় লিওনেল মেসির। আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য সতীর্থদের শুভকামনা জানিয়েছেন।
স্পেনের লা লিগায় গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় বার্সেলোনা ফরোয়ার্ড মেসির। এজন্য ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে তাকে।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হতে যাওয়া ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে তাই খেলা হচ্ছে না আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে না পারার হতাশার সঙ্গে আছে লম্বা সময় মাঠে নামতে না পারার কষ্ট।
বৃহস্পতিবার ফেইসবুকে দেওয়া মেসির বার্তায় অবশ্য কোনো হতাশা প্রকাশ পায়নি। বরং চোট কাটিয়ে আরও ভালোভাবে ফেরার প্রত্যয়ের কথা জানান টানা চারবারের বর্ষসেরা তারকা।
“চোট কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার লক্ষ্যে ধাপে ধাপে কাজ করছি। আমি আমার আর্জেন্টিনার সতীর্থদের জন্য শুভকামনা ও সমর্থন জানাচ্ছি।”
