আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন রোহোও
চোট যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে আর্জেন্টিনা দলকে। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্কোস রোহোও ছিটকে পড়লেন দেশটির বিশ্বকাপ বাছাই পর্বের দল থেকে।
রোহোর হ্যামস্ট্রিংয়ের চোটের পরিচর্যা চলছিল। আশা করা হচ্ছিল, ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগেই সেরে উঠবেন তিনি। কিন্তু তা আর হয়ে উঠছে না।
আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয়, চোট থেকে ঠিকভাবে সেরে না ওঠায় বিশ্বকাপ বাছাইয়ের দলে আর থাকছেন না রোহো।
গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে রানার্সআপ বানাতে বড় ভূমিকা রাখা রোহো চোট পেয়েছিলেন গত ২০ সেপ্টেম্বর সাউথ্যাম্পটনের বিপক্ষে ইউনাইটেডের ৩-২ গোলে জেতা ম্যাচে।
চোটের কারণে এরই মধ্যে জেরার্দো মার্তিনোর দল থেকে ছিটকে পড়েন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি আর মাঝমাঠের জুটি সেভিয়ার এভার বানেগা ও ভালেন্সিয়ার এনসো পেরেস।
ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর প্যারাগুয়ের মাঠে পরের ম্যাচটি আগামী ১৪ অক্টোবর।
