রোনালদোকে সম্মান রিয়ালের
রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়া ক্রিস্তিয়ানো রোনালদোকে সম্মান জানিয়েছে ক্লাবটি।
গত বুধবার মালমোর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করে রিয়ালের জার্সিতে রাউলের গড়া ৩২৩ গোলের রেকর্ড স্পর্শ করেন রোনালদো। তবে রিয়াল তাদের ওয়েবসাইটে রোনালদোর গোলসংখ্যা ৩২৪ উল্লেখ করে। স্পেনের কিছু গণমাধ্যমও এই হিসেব দেখিয়ে রোনালদো স্প্যানিশ স্ট্রাইকার রাউল গনসালেসকে ছাড়িয়ে গেছে বলে জানায়।
২০১০ সালের সেপ্টেম্বরে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পেপের একটি গোল রোনালদোর হিসেবে ধরছে রিয়াল কর্তৃপক্ষ। রোনালদোর শট পেপের পিঠে লেগে ওই সময়ের সোসিয়েদাদ গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোর মাথার উপর দিয়ে জালে জড়ায়।
আনুষ্ঠানিকভাবে পরিসংখ্যানের পাতায় গোলটি রোনালদোর না হলেও এটাকে ধরেই রোনালদোকে সেরা গোলদাতা বলে ঘোষণা দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। শুক্রবার সান্তিয়াগো বের্নাবেউয়ে অনন্য এই রেকর্ড গড়ায় রোনালদোকে পুরস্কৃতও করে তারা।
পুরস্কার হাতে রোনালদো বলেন, “প্রথম এই জার্সি পরার সময় কল্পনাও করিনি যে, এক দিন আমি দলের সেরা গোলদাতা হব। আমি খুব খুশি। প্রথমত, আমি সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। কারণ তাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না।”
আগামী রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচেই আনুষ্ঠানিকভাবে রাউলের রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছেন রোনালদো।
৩২৩ গোলের রেকর্ডটি ছুঁতে সাত মৌসুমে ৩০৮ ম্যাচে খেলেন রোনালদো। একই সংখ্যক গোল করতে ১৬ বছরে রাউলের লেগেছিল ৭৪১ ম্যাচ।
