ছন্দে ফেরার লড়াইয়ে মালমোর মুখোমুখি রিয়াল
মৌসুমের শুরুটা ভালো না হলেও পরের তিন ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দুর্দান্ত কিছুর ইঙ্গিত দিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু হঠাৎ আবারও পথ হারিয়েছে দলটি। চোট সমস্যাও মাথাচাড়া দিয়েছে। সব মিলে চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের নিয়েই বেশি ভাবতে হচ্ছে প্রতিযোগিতার সফলতম দলটিকে।
শাখতার দোনেৎস্ককে বড় ব্যবধানে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা রিয়াল বুধবার সুইডেনের ক্লাব মালমোর বিপক্ষে তাদের মাঠে খেলবে। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।
লা লিগায় স্পোর্তিং গিহনের সঙ্গে গোলশূন্য ড্র করে বাজেভাবে মৌসুম শুরু করা রোনালদোরা লিগের পরের দুই ম্যাচে যথাক্রমে রিয়াল বেতিসকে ৫-০ ও এসপানিওলকে ৬-০ গোলে বিধ্বস্ত করে। তারই ধারাবাহিকতায় এই মাসের মাঝামাঝি ইউরোপ সেরার মঞ্চে শাখতারকে ৪-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।
পরের দুই ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে অতটা দাপট দেখাতে না পারলেও জয়ের ধারা ঠিকই ধরে রাখে রিয়াল। গ্রানাদাকে ১-০ এবং আথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারায় রাফায়েল বেনিতেসের দল। কিন্তু গত শনিবার বড় ধাক্কাটা খায় তারা, ঘরের মাঠে ‘দুর্বল’ মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করে লিগের শীর্ষস্থান হারায়।
দলের এমন ছন্দপতনের সঙ্গে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের চোটে বাড়তি দুশ্চিন্তা যোগ হয়েছে। কাঁধে চোট পেয়ে ছিটকে গেছেন রক্ষণের সেরা খেলোয়াড় সের্হিও রামোস। এখন পর্যন্ত দলটির রক্ষণকে বড় কোনো পরীক্ষায় পড়তে না হওয়ায় তার অনুপস্থিতি হয়ত বড় কোনো ভাবনায় ফেলছে না তাদের। কিন্তু মাঝমাঠে দলের অন্যতম সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেস ও আক্রমণভাগে গ্যারেথ বেলের শূন্যস্থান নিশ্চয়ই কোচের পরিকল্পনায় ব্যাঘাত ঘটাবে। দুজনই পায়ে চোট পেয়ে ছিটকে গেছেন। একই কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার দানিলোও।
দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর গোলখরাও বাড়তি ভাবনা বেনিতেসের জন্য। দুই ম্যাচে ৮ গোল করা এই পর্তুগিজ ফরোয়ার্ড গত তিন ম্যাচে গোল পাননি।
এত সমস্যা থাকার পরও শক্তির বিচারে তুলনামূলক দুর্বল মালমোর বিপক্ষে হয়ত সহজ জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে রিয়াল। দু'দলের মধ্যে শক্তির পার্থক্য বোঝাতে একটা হিসেবই যথেষ্ট; রিয়ালের বেঞ্চের এক জন খেলোয়াড়কে কিনতেও সুইডেনের ঘরোয়া ফুটবলে ১৮বারের চ্যাম্পিয়নদের তাদের সব খেলোয়াড়কে বিক্রি করতে হবে।
তাই সাম্প্রতিক পারফরম্যান্সের কিছু হিসেব বাদ দিলে মালমোর বিপক্ষে সহজ জয়ের প্রত্যাশা করতেই পারে রিয়াল সমর্থকেরা।
এই ম্যাচে তিনবারের বর্ষসেরা রোনালদোর সামনে থাকছে দারুণ কিছু মাইলফলক ছোঁয়ার হাতছানি; এক গোল করলেই ক্লাব ও দেশের হয়ে মোট ৫০০ গোল হবে তার। আর তিন গোল করতে পারলে হয়ে যাবেন রিয়ালের ইতিহাসের সেরা গোলদাতা।
‘এ’ গ্রুপের অপর ম্যাচে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলবে গত দুই আসরে কোয়ার্টার-ফাইনাল খেলা পিএসজি।
‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কো ও নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেন। আর এই প্রতিযোগিতায় তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে জার্মানির ভলফসবুর্গের সঙ্গে।
‘সি’ গ্রুপে মুখোমুখি হবে ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপ আতলেতিকো মাদ্রিদ ও পর্তুগালের ক্লাব বেনফিকা। অন্য ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের প্রতিপক্ষ কাজাখস্তানের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ওঠা আস্তানা।
‘ডি’ গ্রুপে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি খেলবে জার্মানির দল বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে। অন্যটিতে, সেরি আয় ছয় ম্যাচে মাত্র একটিতে জেতা ইউভেন্তুস খেলবে গতবারের ইউরোপা লিগ জয়ী সেভিয়ার বিপক্ষে। ঘরোয়া লিগে ভালো না করলেও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আশানুরূপ শুরুই করেছে গতবারের রানার্সআপ ইউভেন্তুস।
