২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির অভাব ‘অপূরণীয়’

লিওনেল মেসিকে ছাড়াই ‘কঠিন সময়’ পেরিয়ে যাওয়ার ব্যাপারে প্রত্যয়ী হলেও লুইস এনরিকে জানিয়েছেন, আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের অভাব অপূরণীয়। এ শূন্যতা পূরণে কারও ওপর বাড়তি চাপ দেওয়া হবে না বলেও জানিয়েছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 09:30 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবারের ‘ই’ গ্রুপের ম্যাচ সামনে রেখে মেসিকে নিয়ে কথা বলেন এনরিকে।

“মেসিকে ছাড়া খেলা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। মেসির জন্য জেতাটা খেলোয়াড়দের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে কিন্তু তার অভাব অপূরণীয়।”

“আমরা আমাদের সেরা খেলোয়াড়ের অভাব বোধ করলেও লড়াই করতে পারি। আমাদের মেসির জায়গাটা পূরণের এবং ঠিক পথে থাকার উপায় খুঁজে বের করতে হবে। ভালো করার জন্য অনুপ্রাণিত আমরা”, যোগ করেন তিনি।

লাস পালমাসের বিপক্ষে সর্বশেষ লা লিগার ম্যাচের শুরুর দিকে চোট পান মেসি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে ক’দিন আগে এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ব্যক্তিগত শততম ম্যাচ খেলা এই তারকা ফরোয়ার্ডের।

ইউরোপ সেরার এই আসরে ১০১তম ম্যাচটি খেলতে সাত থেকে আট সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে মেসিকে। তাকে ছাড়া মানিয়ে নেওয়া সবসময়ই কঠিন মেনে নিয়ে এনরিকে বলেন, “আমি নিশ্চিত এটা (মেসির না থাকা) খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগাবে। আমাদের দর্শন একই থাকবে। আমরা সেটাই করবো, যা আমাদের করতে হবে।”

মেসির অভাব পূরণে কারো কাঁধে বাড়তি বোঝা চাপানো হবে না বলেও জানিয়েছেন বার্সেলোনা কোচ।

“মেসির অনুপস্থিতি পূরণে আমি কারো কাছে আরও বেশি চাইব না। নেইমার নেইমারের মতোই থাকবে।”