২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিহীন বার্সেলোনাকেও ভয় লেভারকুজেনের

চোটের কারণে ছিটকে পড়া লিওনেল মেসিকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে নামছে বার্সেলোনা। আর্জেন্টিনা তারকার থাকাটা বায়ার লেভারকুজেনের জন্য সুখবর। তবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীদের মোটেও সহজভাবে নিচ্ছে না তারা; বরং বার্সেলোনার বাকি খেলোয়াড়দের দিকে তাকিয়ে ভয়ই পাচ্ছে জার্মানির দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 07:35 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

লাস পালমাসের বিপক্ষে সর্বশেষ লা লিগার ম্যাচের শুরুর দিকে চোট পান মেসি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে ক’দিন আগে এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ব্যক্তিগত শততম ম্যাচ খেলা এই তারকা ফরোয়ার্ডের। ১০১তম ম্যাচটি খেলতে লম্বা সময় অপেক্ষায় থাকতে হবে তার। আট সপ্তাহ সময় লাগবে মেসির ফুটবলের আঙিনায় ফিরতে।

তবে কাম্প নউয়ে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় পৌনে একটায় শুরু হতে যাওয়া বার্সেলোনা-লেভারকুজেন গ্রুপ পর্বের ম্যাচের আলোচনায় ঘুরেফিরেই আসছেন মেসি। ২০১২-১৩ মৌসুমটাও উঁকি দিচ্ছে বেশ। সেবার যে জার্মানির দলটিকে একাই উড়িয়ে দিয়েছিলেন মেসি; বার্সেলোনার ৭-১ ব্যবধানের জয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে এক ম্যাচে প্রথম ৫ গোল করার কীর্তি গড়েছিলেন এই ফরোয়ার্ড।

লেভারকুজেনের মিডফিল্ডার ক্রিস্টোফ ক্রেমার মেসির না থাকাটা স্বস্তির মানছেন। কিন্তু নেইমার-লুইস সুয়ারেসের ফরোয়ার্ড, জেরার্দ পিকে-হাভিয়ের মাসচেরানোর রক্ষণ আর আন্দ্রেস ইনিয়েস্তা-ইভান রাকিতিচদের নিয়ে গড়া মাঝমাঠকে তিনি হালকাভাবে নিচ্ছেন না মোটেও।

“অবশ্যই যে কোনো দল মেসিকে মিস করবে। কিন্তু তাকে ছাড়া বার্সেলোনা এখনও বিশ্বমানের দল।”

দুই দলের পরিসংখ্যানেও একচ্ছত্র আধিপত্য বার্সেলোনার। লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের সবগুলোই বার্সেলোনা জিতেছে। কাতালুনিয়ার দলটির বিপক্ষে জার্মান দলটির সর্বশেষ জয় সেই ২০০১ সালে; নিজেদের মাঠে। এছাড়া ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট চালুর পর বার্সেলোনা কখনোই প্রথম দুই ম্যাচ জয়শূন্য থাকেনি। বার্সেলোনার এবারের শুরুটা রোমার সঙ্গে ১-১ গোলের ড্র দিয়ে হলেও লেভারকুজেনের বিপক্ষে লুইস এনরিকের দলের সম্ভাবনার পাল্লা বেশি ভারী।

এ ম্যাচে বার্সেলোনার চ্যালেঞ্জটা আসলে নিজেদের সঙ্গে। মেসিকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সামনের পথটা তারা কিভাবে পাড়ি দেবে, সেটাই এখন দেখার অপেক্ষা। দলের সবচেয়ে বড় তারকা চোট পাওয়ার পরও কোচ চ্যালেঞ্জ জয়ের আশাবাদ জানিয়েছিলেন। বলেছিলেন, মেসিকে ছাড়া খেলা তাদের জন্য ‘পরীক্ষা’ এবং সেটা তারা জিততে চান।

লেভারকুজেনের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে মার্ক বার্ত্রাও কোচের সুরে সুর মিলিয়েছেন, “এটা (মেসির মাঠের বাইরে চলে যাওয়া) আমাদের জন্য দুঃসংবাদ। ভালো লাগুক আর নাই লাগুক, মেসি আমাদের সেরা খেলোয়াড়; যে (প্রতিপক্ষের জন্য) সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে। তার জন্য আমার ভীষণ দুঃখ হচ্ছে।”

লেভারকুজেনের মৌসুমটা মোটামুটি ভালোই যাচ্ছে। বুন্দেসলিগায় খেলা ৭ ম্যাচের চারটি জিতেছে তারা। ইউরোপ সেরার আসরও জার্মানির দলটি শুরু করেছে বাতে বরিসভকে ৪-১ গোলে গুঁড়িয়ে। 

চেনা মাঠেও তাই লেভারকুজেনকে হালকাভাবে নিচ্ছে না বার্সেলোনা। বার্ত্রা তাই মেসির শূন্যতা বাকিদের ঢেকে দেওয়ার আহ্বানই জানাচ্ছেন বেশি করে, “এটা অনেক (মেসিকে না পাওয়া) বড় ক্ষতি। কিন্তু এখন আমাদের আরও শক্তিশালী হতে হবে।”

‘ই’ গ্রুপের অপর ম্যাচে বায়ার লেভারকুজেনের কাছে হেরে আসা বাতে বরিসভ নিজেদের মাঠে এএস রোমার মুখোমুখি হবে।

‘এফ’ গ্রুপে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ-দিনামো জাগরেব ও আর্সেনাল-অলিম্পিয়াকোস। গ্রুপের প্রথম ম্যাচে অলিম্পিয়াকোসকে বায়ার্ন, আর্সেনালকে ক্রোয়েশিয়ার দল জাগরেব হারিয়েছিল।

ইউক্রেনের দিনামো কিয়েভের সঙ্গে ড্র করা এফসি পোর্তো ‘জি’ গ্রুপের ম্যাচে চেলসির মুখোমুখি হচ্ছে। আর চেলসির কাছে হেরে যাওয়া মাকাবি তেল আবিব নিজেদের মাঠে খেলবে কিয়েভের বিপক্ষে।

‘এইচ’ গ্রুপে ভালেন্সিয়ার মাঠে জিতে আসা জেনিতের বিপক্ষে খেলবে অলিম্পিক লিওর সঙ্গে ড্র করা খেন্ট। একই রাতে নিজেদের মাঠে অলিম্পিক লিও লড়বে ভালেন্সিয়ার বিপক্ষে।