২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালাগার বিপক্ষে ‘উদ্বিগ্ন’ ছিলেন রোনালদোরা!

মালাগার সঙ্গে ড্র করে লিগের শীর্ষস্থান হারানোর কারণ হিসেবে খেলোয়াড়দের ‘উদ্বিগ্ন’ থাকাটাকে দায়ী করেছেন রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 06:37 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করে রিয়াল। আর এখানে পয়েন্ট হারানোর কারণেই শীর্ষে ফেরা হয়নি তাদের। দিনের প্রথম ম্যাচে লাস পালমাসকে হারিয়ে শীর্ষে উঠেছিল বার্সেলোনা। পরে অবশ্য আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শীর্ষে উঠে গেছে ভিয়ারিয়াল।

পঞ্চম রাউন্ড শেষে রিয়াল ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। ভিয়ারিয়ালের পয়েন্ট ১৬, বার্সেলোনার পয়েন্ট ১৫।

পয়েন্ট তালিকায় অবনমন নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন বেনিতেস। মালাগার গোলমুখে ছেলেদের বারবার ব্যর্থ হওয়াটাই ভাবিয়ে তুলছে তাকে। পুরো ম্যাচে অনেক সুযোগ সৃষ্টি করেও গোল করতে পারেনি রোনালদো-বেনজেমারা। এটাই তাদের উদ্বিগ্ন করে তুলেছিল বলে মনে করেন কোচ।

“আপনাকে উদ্বিগ্ন হওয়াটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যখন ভুল করবেন তখন প্রতিপক্ষ প্রতি-আক্রমণে সুবিধা নেওয়ার চেষ্টা করবে।”

ম্যাচের শেষ দিকের কথা তুলে ধরে বেনিতেস বলেন, “ম্যাচের শেষ কয়েক মিনিটে আমরা উদ্বিগ্ন ছিলাম। শেষ পাঁচ মিনিটে আমাদের আরও শান্ত থাকার দরকার ছিল এবং (প্রতিপক্ষের সীমানার) চারপাশে বল রাখতে হতো।”

এবারের লিগে এখন পর্যন্ত একটিও গোল না করতে পারা মালাগার সঙ্গে ম্যাচের আগে সহজ জয়ের প্রত্যাশাই করছিল রিয়াল সমর্থকেরা। কিন্তু চরম ব্যর্থতার পরিচয় দিয়ে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ঘরের মাঠে লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হলো স্পেনের সফলতম দলটি।