মেসিকে ছাড়াই ‘কঠিন সময়’ জয়ের প্রত্যয় এনরিকের
চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন লিওনেল মেসি। তবে দলের সেরা তারকাকে হারালেও মনোবল হারাচ্ছেন না বার্সেলোনা কোচ লুইস এনরিকে। বরং প্রত্যয়ী কণ্ঠে জানিয়েছেন, মেসিকে ছাড়া কঠিন সময়টুকু পার করার সামর্থ্য আছে তার দলের।
গত শনিবার কাম্প নউয়ে লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জেতা ম্যাচে চোট পান মেসি। তৃতীয় মিনিটে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের সঙ্গে প্রতিপক্ষের দানিয়েল কাস্তেয়ানোর পায়ে পায়ে সংঘর্ষ হয়। এরপর কিছুক্ষণ মাঠ থাকলেও দশম মিনিটে মাঠ ছাড়েন তিনি। পরে বার্সেলোনা এক টুইটে জানায়, মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে; তাকে ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
ম্যাচ শেষে বার্সেলোনার জয়ের চেয়ে মেসির চোট নিয়ে বেশি কথা বলতে হয় এনরিকেকে। যে কোনো খেলোয়াড়ের চেয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চোট আরও বেশি উদ্বেগ এবং নিরানন্দের জানিয়ে বার্সেলোনা কোচ বলেন, “আমার কোনো সন্দেহ নেই, আমি ঠিক থাকব…কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে আমরা অভ্যস্ত।”
“যখনই (দলের কেউ) চোট পায়, সেটা দুঃখের এবং নিরানন্দের। যদি সেটা লিও মেসির হয়, সেটা আরও…কিন্তু আমরা একটা দল এবং আমি নিশ্চিত দল এটা উৎরে উঠবে”, যোগ করেন তিনি।
লুইস সুয়ারেস ও নেইমার থাকলেও মেসিকে হারানোয় লিগে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা দলটির সামনের পথ চলাটা কিছুটা কঠিন হয়ে গেল। এনরিকে অবশ্য এতটা দুশ্চিন্তা করছেন না; বরং চ্যালেঞ্জটা জিততে চান তিনি।
“এটা আমাদের জন্য একটা পরীক্ষা এবং প্রতিবন্ধকতা, যেটা আমাদেরকে অতিক্রম করতে হবে। (মেসিকে ছাড়া খেলার) চ্যালেঞ্জটা আমরা নিচ্ছি।”
মেসিকে ছাড়া বার্সেলোনার খেলায় কোনো পরিবর্তন আসবে না জানিয়ে এনরিকে বলেন, “মেসি আমাদের খেলার স্বাধীনতা এবং সমাধানটাও দেয়। কিন্তু আমাদের যেটা আছে, তা দিয়ে সেটা করতে হবে। আমাদেরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।”
সুয়ারেসের জোড়া গোলে পালমাসকে হারানোর পর এনরিকে শিষ্যদের খেলা নিয়ে সন্তোষের কথা জানান। ম্যাচে তার দল অনেক সুযোগ তৈরি করেছিল বলেও দাবি করেন তিনি।
