বার্সা-রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে ভিয়ারিয়াল
বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগায় শীর্ষে উঠেছে ভিয়ারিয়াল। নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে তারা।
শনিবার রাতে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান খেলোয়াড় লিও বাপতিস্তাও।
এই জয়ের পর ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা ও রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে উঠে ভিয়ারিয়াল। ড্র দিয়ে লা লিগার এবারের মৌসুম শুরু করা দলটি এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল।
ভিয়ারিয়ালের জয়ের রাতে মালাগার সঙ্গে গোলশূন্য ড্র করে ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেছে রাফায়েল বেনিতেসের রিয়াল। ছয় ম্যাচে রিয়ালের চারটি জয়, দুটি ড্র।
শনিবার রাতেই কাম্প নউয়ে লাস পালমাসকে লুইস সুয়ারেসের জোড়া গোলে ২-১ ব্যবধানে হারায় বার্সেলোনা। ক’দিন আগে রিয়ালের কাছে শীর্ষ স্থান হারানো লুইস এনরিকের দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ছয় ম্যাচে পাঁচ জয় ও একটি হার শিরোপাধারীদের।
