লেভানদোভস্কির রেকর্ডে বায়ার্নের জয়
প্রতিপক্ষের গোলমুখে আবারও জ্বলে উঠলেন রবের্ত লেভানদোভস্কি। পোলিশ এই স্ট্রাইকারের নৈপুণ্যে জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখও। জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় এবার মেইঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
মেইঞ্জের মাঠে শনিবারের এই ম্যাচে বায়ার্নের পক্ষে জোড়া গোল করেন লেভানদোভস্কি। অন্য গোলটি ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোমানের।
সবকটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। অবশ্য ২১তম মিনিটেই এগিয়ে যেতে পারতো অতিথিরা। কিন্তু পেনাল্টি থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন টমাস মুলার।
বিরতির পর অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। ৫১তম মিনিটে কোমানের ক্রসে লাফিযে উঠে হেড করে লক্ষ্যভেদ করেন লেভানদোভস্কি।
এই গোল দিয়ে একটি রেকর্ডও গড়েন লেভানদোভস্কি। জার্মানির বাইরের খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় দ্রুততম শততম গোল করলেন তিনি। ১৬৮ ম্যাচ খেলে এই মাইলফলক ছুঁলেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার।
৬৩ মিনিট বাদে আবারও লেভানদোভস্কি চমক। এবার খুব কাছ থেকে সহজেই ব্যবধান দ্বিগুণ করেন গত মঙ্গলবার ভলফসবুর্গের জালে ৯ মিনিটে ৫ গোলের রেকর্ড গড়া এই তারকা।
এর সাত মিনিট পরেই স্কোরলাইন ৩-০ করে জয়টা নিশ্চিত করে ফেলেন কোমান।
এই জয়ে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট হলো ৭ ম্যাচে ২১।
