২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের হারল ম্যান সিটি

টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করা ম্যানচেস্টার সিটি আবারও হেরেছে। এবার টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে ফিরেছে শিরোপাপ্রত্যাশী দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2015, 07:54 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

লিগের এবারের আসরে সিটির এটা টানা দ্বিতীয় হার। গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল সিটি।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর ২৫তম মিনিটে দারুণ একটি প্রতি-আক্রমণ থেকে এগিয়ে যায় সিটি। মাঝ মাঠের কাছাকাছি জায়গা থেকে ইয়াইয়া তুরের লম্বা করে বাড়ানো বল ডি বক্সে ঢুকে প্রথম শটেই জালে জড়ান কেভিন ডি ব্রুইন।

জার্মানির ক্লাব ভলফসবুর্গ থেকে এই মৌসুমেই সিটিতে যোগ দেওয়া ব্রুইনের এটা নতুন ক্লাবের হয়ে টানা তিন ম্যাচে তৃতীয় গোল।

দুই মিনিট বাদেই ম্যাচে দ্বিতীয় গোল পেতে পারতেন ডি ব্রুইন। কিন্তু ডান দিকে গোল করার মতো জায়গায় বল পেয়েও বেলজিয়ামের এই মিডফিল্ডার আরও নিশ্চিত হতে রাহিম স্টার্লিংকে ক্রস দেন। এই ইংলিশ মিডফিল্ডার এক জনকে কাটিয়ে শটও নেন, কিন্তু লাফিয়ে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক।

প্রথমার্ধে টটেনহ্যাম সেরা সুযোগটি পায় ৪২তম মিনিটে। ফাঁকায় বল পেয়ে যান হ্যারি কেইন, কিন্তু ডি বক্সে না ঢুকে দূর থেকেই শট নেন তিনি। তার জোরালো শটটি দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন গোলরক্ষক উইলি কাবারেলো।

এর দুই মিনিট পরই প্রতি-আক্রমণ থেকে টটেনহ্যামকে সমতায় ফেরান এরিক ডিয়ের গোলটিতে অবশ্য বড় ভুল ছিল সিটির গোলদাতা ড্রি ব্রুইনের।

খুব কাছ থেকে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার হিউং-মিন সনের শট সিটির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। আর সেটা করতে গিয়েই চরম ভুলটা করে বসেন ডি ব্রুইন। তার আস্তে করে মারা বল ধরে জোরালো শটে গোলটা করেন ইংলিশ ডিফেন্ডার ডিয়ের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় টটেনহ্যাম। ৫০তম মিনিটে এরিক লামেলার ক্রসে ছোট ডি বক্সের মধ্যে থেকে হেড করে বল জালে পাঠান বেলজিয়ামের ডিফেন্ডার টোবি আল্ডারভেইরেল্ড।

৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে স্বাগতিকদের জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন হ্যারি কেইন। ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনের ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে বাধা পায়। তবে ফিরতি শটে ফাঁকা জলে বল জড়ান কেইন।

এই মৌসুমে টটেনহ্যামের হয়ে ইংলিশ স্ট্রাইকার কেইনের এটাই প্রথম গোল।

আর ৭৯তম মিনিটে ডান দিক থেকে ক্যামেরুনের স্ট্রাইকার ক্লিনটনের ক্রস ডি বক্সের মধ্যে পেয়ে গোলরক্ষক ও এক জন খেলোয়াড়কে কাটিয়ে স্কোর ৪-১ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লামেলা।