শীর্ষে উঠা রিয়ালের প্রতিপক্ষ মালাগা
গোল উৎসব আপাতত থেমেছে রিয়াল মাদ্রিদের কিন্তু স্পেনের সফলতম দলটির জয়যাত্রা থামেনি। চোটের কারণে গ্যারেথ বেল, হামেস রদ্রিগেসদের অনুপস্থিতিও প্রভাব ফেলতে পারেনি রাফায়েল বেনিতেসের দলটির খেলায়। টানা চার জয়ে লা লিগার শীর্ষ উঠে আসা রিয়াল ষষ্ঠ রাউন্ডে মালাগার বিপক্ষে খেলবে।
শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ১৯ নম্বরে থাকা মালাগার মুখোমুখি হবে ক্রিস্তিয়ানো রোনালদো-করিম বেনজেমাদের রিয়াল।
স্পোর্তিং গিহনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে মৌসুম শুরু করা রিয়াল সবধরনের ফুটবলে টানা পাঁচ জয় পেয়েছে। রিয়াল বেতিসকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে গোল উৎসব শুরু করে রিয়াল। পরের ম্যাচে এসপনিওলকে ৬-০ ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শাখতার দোনেৎস্ককে ৪-০ ব্যবধানে হারায় তারা।
চলতি মৌসুমে রিয়ালের ১৮ গোলের ৮টিই করেছেন দলের সবচেয়ে বড় তারকা রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড টানা দুই ম্যাচে করেন হ্যাটট্রিক। তার আলোয় ঢাকা পড়লেও রিয়ালের এগিয়ে চলায় অবদান কম নয় ফরাসি স্ট্রাইকার বেনজেমার।
লা লিগায় শেষ দুই ম্যাচে রিয়ালের জয়ের নায়ক বেনজেমাই। গ্রানাদার বিপক্ষে ১-০ ও আথলেতিক বিলাবাওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে দলের তিনটি গোলই করেন এই তারকা স্ট্রাইকার।
৫টি করে গোল করে সেল্তা ভিগোর নলিতোর সঙ্গে লা লিগার গোলদাতাদের শীর্ষে আছেন রোনালদো, বেনজেমা।
লুকা মদ্রিচ, টনি ক্রুস, মাতেও কোভাচিচ মাঝ মাঠে বুঝতেই দিচ্ছেন না বেল-রদ্রিগেসদের অনুপস্থিতি। জমাটরক্ষণ, সৃজনশীল মিডফিল্ড আর ক্ষুরধার আক্রমণে শিরোপার স্বপ্ন দেখছে ২০১১-১২ মৌসুমে সর্বশেষ লা লিগার চ্যাম্পিয়ন হওয়া রিয়াল।
শুধু রোনালদো-বেনজেমাকে নিয়ে ভাবলেই চলবে না মালাগার। মদ্রিচ-ইসকো-কোভাচিচদের নিয়েও পরিকল্পনা থাকতে হবে প্রথম পাঁচ ম্যাচে দুই পয়েন্ট পাওয়া দলটির।
কেইলর নাভাস রীতিমত চীনের প্রাচীর হয়ে নির্ভরতা যোগাচ্ছেন রিয়াল শিবিরে। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র একবারই তার বাধা কাটিয়ে বল জাল পর্যন্ত গেছে; সেটাও ষষ্ঠ ম্যাচে এসে। কোস্টা রিকার তারকা গোলরক্ষের সামনে রাফায়েল ভারান, পেপেদের জমাটরক্ষণ ভাঙা খুব কঠিনই হবে মালাগার জন্য।
