সমস্যা নিয়েই পালমাসের মুখোমুখি বার্সা
সেল্তা ভিগোর মাঠে বিধ্বস্ত হয়ে শীর্ষস্থান হারানো বার্সেলোনা শিবিরে বড় দুশ্চিন্তা রয়েছে রক্ষণ নিয়ে। সঙ্গে মেসি-নেইমার-সুয়ারেসে গড়া 'এমএনএস' আক্রমণভাগের জ্বলে উঠতে না পারাটাও কিছুটা দুর্ভাবনায় ফেলেছে শিরোপাধারীদের।
১৪ বছর পর লা লিগায় ফেরা লাস পালমাসের বিপক্ষে এবার খেলবে বার্সেলোনা। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায় হয়তো কঠিন কোনো পরীক্ষায় পড়তে হবে না মেসি-নেইমারদের। কিন্তু প্রশ্নটা যখন নিজেদের ছন্দে থাকা নিয়েই, তখন মাঠেই তাদের জবাবটা দিতে হবে।
ছন্দে ফেরার লড়াইয়ের প্রথম ধাপে ঘরের মাঠে খেলার একটা সুবিধাও থাকছে বার্সেলোনার। আগামী শনিবার কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত আটটায় পালমাসের মুখোমুখি হবে লুইস এনরিকের দল।
রক্ষণ নিয়ে বার্সেলোনার দুশ্চিন্তা পুরনোই। গত মৌসুমেও মাঝে মধ্যে সেটা মাথাচাড়া দিয়ে উঠেছিল, কিন্তু এমএনএসের দাপটে সেটা নিয়ে খুব একটা ভাবতে হয়নি। এবারও যেমন মৌসুমের শুরু থেকেই প্রতিপক্ষের সামনে বারবার পিকে-মাসচেরানোর দেয়াল ভেঙে পড়তে দেখা যায়। গোলরক্ষক ক্লদিও ব্রাভোর চোট দুর্ভাবনা আরও বাড়িয়েছে।
উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে যেমন ৪-১ গোলে এগিয়ে গিয়েও পরপর তিন গোল খেয়ে বসে বার্সেলোনা। পরে অতিরিক্ত সময়ে পেদ্রোর গোলে ৫-৪ ব্যবধানে শিরোপা জেতে তারা।
তার কয়েক দিন পর আবারও প্রতিপক্ষের সামনে বার্সেলোনার রক্ষণ হুড়মুড় করে ভেঙে পড়ে। মেসিরা জ্বলে উঠতে না পারায় আথলেতিক বিলবাওয়ের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ওই ম্যাচে শেষ রক্ষাও হয়নি, ৪-০ গোলে হারে তারা। ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে শিরোপা হারায় দলটি।
কিন্তু গত বুধবার সেল্তার মাঠে যেভাবে হারে বার্সেলোনা, তাতে রক্ষণ-আক্রমণভাগ, সব জায়গাতেই বড় ফাঁক ধরা পড়েছে। ৪-১ গোলে হেরে যাওয়া এই ম্যাচে অনেক আক্রমণ করেন মেসি-নেইমাররা। কিন্তু সাফল্য ওই একটাই, দ্বিতীয়ার্ধে নেইমারের গোল। কিন্তু ততক্ষণে ম্যাচের ফল অনেকটাই নির্ধারণ হয়ে যায়।
সেদিন একটি গোল তো হয় জেরার্দ পিকের চরম ভুলের কারণে। প্রতি আক্রমণ থেকে আরেকটি গোল করে সেল্তা। সব মিলে তাই এখনই নিজেদের রক্ষণ সামলাতে না পারলে, মৌসুমের বাকি সময়ে ভুগতে হতে পারে গতবারের ট্রেবল জয়ীদের।
সেই সঙ্গে মেসি-নেইমার-সুয়ারেসে গড়া বিশ্বসেরা আক্রমণভাগে ভর করে গত মৌসুমে যে দাপুটে ফুটবল খেলে বার্সেলোনা, সে পথে আরেকবার হাঁটতে জ্বলে উঠতেই হবে এই ত্রয়ীকে।
