২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমারিওর বিরুদ্ধে মামলার হুমকি দুঙ্গার

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য দুঙ্গা ও রোমারিওর মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে। 'ব্রাজিলের কোচ দুর্নীতিমূলক কাজ করছেন' রোমারিওর এমন অভিযোগের জবাবে সাবেক এই সতীর্থের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 08:46 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রোমারিও সম্প্রতি দুঙ্গার বিরুদ্ধে অভিযোগ তোলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের নোংরা কাজে সঙ্গে যুক্ত আছেন দেশটির জাতীয় দলের এই কোচ।
 
রোমারিওর এই মন্তব্যের পরেই মূলত সাবেক এই দুই সতীর্থের মধ্যে 'সুসম্পর্ক' শেষ হয়ে যায়।
 
অনেক আগে থেকেই নিজ দেশের ফুটবল সংস্থার কর্মকাণ্ডের বড় সমালোচক বর্তমানে সিনেটরের দায়িত্বে থাকা রোমারিও। ব্রাজিল জাতীয় দল বাছাই নিয়েও অনেকবার তিনি প্রশ্ন তুলেছেন।
 
পূর্বে খেলোয়াড়দের এজেন্ট হিসেবে কাজ করা গিলমার রিনাল্দি গত বছর ব্রাজিল দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার পর থেকে 'দল নির্বাচনে দুর্নীতির' গুঞ্জনটি ডানা মেলে। অনেকেরই ধারণা, সাবেক এই এজেন্ট খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করেন।
 
দুঙ্গার বিরুদ্ধে রোমারিওর অভিযোগ সেই গুঞ্জনটাকেই আরেকটু বিশ্বাসযোগ্য করে তুলছে।
 
১৯৯৪ সালের ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোমারিও দুঙ্গাকে উদ্দেশ করে বলেছিলেন, "আমি জানি না, সে নোংরা কি না। (দুর্নীতিতে) সে অংশ যুক্ত কি না, তাও জানি না। কিন্তু সে সবকিছুই দেখছে। সে অন্ধ কিংবা বোকা নয়।"
 
ওই কথার প্রেক্ষিতে বুধবার এক বিবৃতিতে নিজের ক্ষোভ প্রকাশ করেন দুঙ্গা। 
 
"ব্রাজিলের সব মানুষের মতো সিনেটর রোমারিওরও জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন নিয়ে সমালোচনা করার অধিকার আছে। কিন্তু কোনো প্রমাণ ছাড়া তার এটা বলার অধিকার নেই যে, যোগ্যতা ছাড়াই খেলোয়াড় নির্বাচন করা হচ্ছে।" 
 
পরের কথাতেই দুঙ্গা নিশ্চিত করেন, তিনি এবং রিনাল্দি রোমারিওর অভিযোগের জবাবে কি আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা দেখছেন।