২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল শিবিরে প্রতিশোধের আনন্দ

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে গত মৌসুমের হারের প্রতিশোধ নিতে পেরে খুশি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। তার আনন্দের আরও বড় কারণ হলো কঠিন এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করতে পারা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 05:44 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

গত মার্চে লা লিগার গত আসরের ফিরতি লেগে বিলবাওয়ের মাঠ সান মামেসে ১-০ গোলে হেরে যায় রিয়াল। তার আগের বছর এই মাঠেই ড্র করেছিল তারা। বুধবার রাতে ২-১ গোলে জিতে তারই প্রতিশোধ নিয়েছে রোনালদো-বেনজেমারা। 
 
ফরাসি তারকা করিম বেনজেমার জোড়া গোলে পাওয়া সবশেষ এই জয়ে এবারের লিগের শীর্ষে উঠেছে রিয়াল।
 
জয়ের আনন্দে ম্যাচ শেষে মদ্রিচ বলেন, "খুব গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট। আমরা খুব খুশি, এই পথেই আমাদের এগিয়ে যেতে হবে।"
 
কঠিন লড়াই জিতে ক্রোয়েশিয়ার এই তারকা আরও বলেন, "আমরা জানি, এখানে জেতা কতটা কঠিন। গত বছর আমরা এখানে হেরেছিলাম। আজ রাতে যেভাবে খেলেছি, তাতে আমরা আনন্দিত।"
 

পঞ্চম রাউন্ডে স্পেনের শীর্ষ লিগের পয়েন্ট তালিকায় অনেক পরিবর্তন হয়েছে। সবচেয়ে হতাশাজনক বার্সেলোনার জন্য; সেল্তা ভিগোর কাছে হেরে চার ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে কাতালুনিয়ার দলটি। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১২। চতুর্থ স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ১২, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে তারা। উপরের তিন দলের মধ্যেও লড়াইটা একই রকম কঠিন; রিয়াল, সেল্তা ও ভিয়ারিয়াল, সবার পয়েন্ট ১৩। সেখানেও ব্যবধান গড়েছে গোল ব্যবধান।