সেল্তাকে বার্সা কোচের শুভকামনা
সেল্তা ভিগোর চমক জাগানো পারফরম্যান্স আর গোলমুখে নিজেদের ব্যর্থতার কারণে কুলিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। মেনে নিতে হয়েছে তাই বড় ব্যবধানে হার। স্বাভাবিকভাবেই হতাশা ঘিরে ধরেছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে প্রতিপক্ষকে দারুণ এই জয়ের শুভেচ্ছা জানাতে ভোলেননি লুইস এনরিকে।
মৌসুমের বাকি সময়ের জন্য সেল্তাকে শুভকামনাও জানান বার্সেলোনার কোচ এনরিকে।
"কোনো দল আপনার চেয়ে ভালো খেললে সেখানে আসলে বেশি কিছু বলার থাকে না।... কোনোরকম চালাকি ছাড়া ফুটবল খেলেই জয় তুলে নিয়েছে সেল্তা। আমি তাদের শুভেচ্ছা জানাই এবং আশা করি এভাবেই তারা খেলা চালিয়ে যাবে।"
ঘরের মাঠে বুধবার রাতে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে ওঠে সেল্তা। পরে রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে আথলেতিক বিলবাওকে হারিয়ে শীর্ষে উঠে আসে। আর দিনের শেষ ম্যাচে মালাগাকে হারিয়ে ভিয়ারিয়াল উঠে আসে তিন নম্বরে, আরেক ধাপ পিছিয়ে যায় বার্সেলোনা।
