জাপানে শুরুটা ভালো হয়নি সিদ্দিকুরের
মিতসুবিশি ডায়মন্ড কাপে শুরুটা বড্ড বাজে হয়েছে সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ৬১তম স্থানে আছেন বাংলাদেশের সেরা এই গলফার।
জাপানের ইবারাকিতে ওতোনে কান্ট্রি ক্লাবে বৃহস্পতিবার প্রথম রাউন্ডে পারের চেয়ে মোট দুই শট বেশি খেলেন সিদ্দিকুর।
দশম হোলে 'বোগি' (পারের চেয়ে ১ শট বেশি) করে টুর্নামেন্ট শুরু করা সিদ্দিকুর পরে আরও তিনটি বোগি করেন। শেষ দিকে দুটি 'বার্ডি' (পারের চেয়ে ১ শট কম) করে কিছুটা পুষিয়ে নেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।
প্রথম দিন শেষে পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্কট স্ট্রেঞ্জ।
