২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারের জয়, ইউভেন্তুসের হোঁচট

ইতালির সেরি আয় টানা পঞ্চম জয় পেয়েছে ইন্টার মিলান। পরাশক্তিদের বিবর্ণ রাতে হেরেছে রোমা। ড্র করেছে শিরোপাধারী ইউভেন্তুস ও নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 03:54 AM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বুধবার রাতে নিজেদের মাঠ সান সিরোয় হালেস ভেরোনার বিপক্ষে ইন্টারের ১-০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেন ফেলিপে মেলো। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ইন্টার। 
 
এক ম্যাচ পরেই হোঁচট খেয়েছে সেরি আর শিরোপাধারী ইউভেন্তুস। নিজেদের মাঠে ফ্রোসিনোনের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে আপাতত ১৩ নম্বরে রয়েছে তারা।
 
সিমোন জাজার গোলে ৫০তম মিনিটে এগিয়ে যায় আগের ম্যাচেই প্রথম জয় পাওয়া ইউভেন্তুস। যখন মনে হচ্ছিল টানা দ্বিতীয় জয় পেয়ে যাবে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দলটি তখনই লিওনার্দো ব্লানচার্দ খেলায় সমতা আনেন। ৯০তম মিনিটের এই গোলে লিগে প্রথম পয়েন্ট পেল ফ্রোসিনোন।
 

কার্পির মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে আগের ম্যাচে বড় জয় পাওয়া নাপোলি। পয়েন্ট হারানোয় ৬ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে দলটি। সাম্পদোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছে ৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকা রোমা। নিজেদের মাঠে এদেরের গোলে ৫০তম মিনিটে এগিয়ে যায় সাম্পদোরিয়া। ৬৯তম মিনিটে গোল শোধ করেন রোমার মোহামেদ সালেহ।  ৮৫তম মিনিটে কনস্টানটিনোস মানোলাসের আত্মঘাতী গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সাম্পদোরিয়া। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে তারা। দিনের অন্য ম্যাচে কিয়েভো ভেরোনা ১-০ গোলে তুরিনোকে এবং সাস্সুয়োলো একই ব্যবধানে পালেরমোকে, ফিওরেন্তিনা ২-০ গোলে বোলোগনাকে এবং লাৎসিও একই ব্যবধানে জেনোয়াকে হারিয়েছে।