২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির নৈপুণ্যে ম্যান ইউয়ের জয়

ওয়েইন রুনির নৈপুণ্যে সহজেই লিগ কাপের তৃতীয় রাউন্ড পেরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপসুউইচ টাউনকে ৩-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতাটির চারবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 03:36 AM

Updated : 12 Oct 2022, 04:14 PM

নিজেদের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ইউনাইটেডের জয়ে একটি করে গোল করেন রুনি, আন্দ্রেয়াস পেরেইরা ও আন্থোনি মাস্সিয়াল।

বেশ কয়েকটি সুযোগ হারানোর পর ইউনাইটেডের গোলের অপেক্ষা ফুরোয় ২৩তম মিনিটে। ডালে ব্লিন্ডের কাছ থেকে পাওয়া বল বাম পায়ের শটে জালে জড়ান ইংল্যান্ডের স্ট্রাইকার রুনি।

এরপর হুয়ান মাতা, অ্যাশলে ইয়ংরা একের পর এক আক্রমণ করতে থাকে। তবে সুযোগগুলো কাজে লাগাতে না পারায় বিরতির আগে আর ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি ইউনাইটেড।

৬০তম মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার পেরেইরার গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় সর্বশেষ ২০১০ সালে এই আসরের শিরোপা জেতা ইউনাইটেড। আর ম্যাচের শেষ দিকে মাস্সিয়াল প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করলে লুই ফন খালের শিষ্যদের চতুর্থ রাউন্ডে ওঠা নিশ্চিত হয়ে যায়।

প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।