সহজ জয়ে চতুর্থ রাউন্ডে চেলসি
ওয়ালসলকে সহজেই হারিয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। তৃতীয় রাউন্ডের এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের জয়টি ৪-১ গোলে।
চেলসির পক্ষে এদিন একটি করে গোল করেন রামিরেস, লোইক রেমি, কেনেদি ও পেদ্রো। ওয়ালসলের একমাত্র গোলদাতা জেমস ও'কনর।
প্রতিপক্ষের মাঠ দ্য ব্যাঙ্কস স্টেডিয়ামে বুধবার রাতে শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে খেলে দ্রুত সাফল্য পায় জোসে মরিনিয়োর শিষ্যরা। দশম মিনিটে বাঁদিক থেকে স্বদেশি ফরোয়ার্ড কেনেদির ক্রসে হেড করে বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস।
অষ্টাদশ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পান রামিরেস। কিন্তু তার প্রচেষ্টা দারুণ দক্ষতায় গোললাইনের উপর থেকে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।
৩৬তম চেলসির আরেকটি ভালো প্রচেষ্টা ওয়ালসলের দৃঢ় রক্ষণে ব্যর্থ হয়ে যায়। তবে ৪১তম মিনিটে ঠিকই ব্যবধান বাড়ায় তারা। এই গোলে দারুণ অবদান ছিল রামিরেসের। ডি বক্সের মধ্যে থেকে তার কোনাকুনি পাস পেয়ে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন রেমি।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় চেলসি। ইংলিশ মিডফিল্ডার রুবেন লোফটাসের সাহায্যে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে স্কোর ৩-১ করেন কেনেদি।
ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়িয়ে সহজ জয় নিশ্চিত করেন পেদ্রো। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান চলতি মৌসুমেই বার্সেলোনা থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়া স্প্যানিশ এই খেলোয়াড়।
প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
প্রতিযোগিতায় দিনের আরেক ম্যাচে আর্সেনাল ২-১ গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে।
