২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিগুয়াইনকে ছাড়াই আর্জেন্টিনা দল

কোপা আমেরিকায় আশানুরূপ পারফরম্যান্স না করায় জাতীয় দল থেকে বাদ পড়েছেন গনসালো হিগুয়াইন। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দুটি ম্যাচের জন্য নাপোলির এই স্ট্রাইকারকে ছাড়াই দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 08:24 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বুধবার ঘোষণা করা মার্তিনোর ২৬ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইউভেন্তুসের স্ট্রাইকার পাউলো দাইবালা। ক্লাব ফুটবলে পালেরমোর হয়ে গত মৌসুমটা দারুণ কাটানো দাইবালা এই গ্রীষ্মে ইউভেন্তুসে যোগ দেন। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে এই মৌসুমে পাঁচ ম্যাচ খেলে তিনটি গোল করেছেন তিনি। 

গত জুন-জুলাইয়ে চিলিতে হওয়া এবারের কোপা আমেরিকায় মাত্র দুটি গোল করা হিগুয়াইন ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

পেটের পীড়ায় আক্রান্ত হয়ে এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে বলিভিয়া ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতির ম্যাচেও দেশের হয়ে খেলেননি হিগুয়াইন।

গত রোববার সেরি আয় লাৎসিওর বিপক্ষে নাপোলির ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন হিগুয়াইন। তবে এক ম্যাচের পারফরম্যান্সের উপর ভিত্তি করে খেলোয়াড় নির্বাচন করেন না বলে জানিয়েছেন কোচ মার্তিনো।

আগামী ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর প্যারাগুয়ের মাঠে খেলতে যাবে গত বিশ্বকাপের রানার্সআপরা।

গোলরক্ষক: সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুজমান (ইউএএনএল টাইগ্রেস), অগাস্তিন মার্চেসিন (সান্তোস লাগুনা)

ডিফেন্ডার: পাবলো সাবালেতা (ম্যানচেস্টার সিটি), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), মার্তিন দেমিচেলিস (ম্যানচেস্টার সিটি), এমানুয়েল মাস (সান লরেন্সো), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাকুন্দো রোনকাগলিয়া (জেনোয়া), এসেকুইয়েল গারায় (জেনিত), মিল্তন কাসকো (নিউয়েলস ওল্ড বয়েজ), রামিরো ফুনেস মোরি (এভারটন)

মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (বার্সেলোনা), লুকাস বিগলিয়া (লাৎসিও), আনহেল দি মারিয়া (পিএসজি), হাভিয়ের পাস্তোরে (পিএসজি), এভার বানেগা (সেভিয়া), রবের্তো পেরেইরা (ইউভেন্তুস), এনসো পেরেস (ভালেন্সিয়া)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাউলো দাইবালা (ইউভেন্তুস), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), কার্লোস তেভেস (বোকা জুনিয়র্স), নিকোলাস গাইতান (বেনফিকা), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল লাভেস্সি (পিএসজি)।