২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশংসায় ভাসছেন লেভানদোভস্কি

৫১তম মিনিটে শুরু, ৬০তম মিনিটে শেষ, হিসেবটা আরও নিখুঁত করলে দাঁড়ায় ৮ মিনিট ৫৯ সেকেন্ড- অর্থাৎ মাত্র ৯ মিনিটেই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছেন রবের্ত লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে পাঁচ গোল করে ইউরোপের প্রায় সব গণমাধ্যমের মূল খবর হয়ে উঠেছেন তিনি। তার কীর্তির বর্ণনা দিতে জার্মানির ট্যাবলয়েড 'টিজেড মিউনিখ' তো এই পোলিশ স্ট্রাইকারকে বসিয়েছে 'ফুটবল ঈশ্বর' এর কাতারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 08:12 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

জার্মানির আরেক পত্রিকা 'ডি ভেল্ট' এর মতে, ভলফসবুর্গের জালে লেভানদোভস্কি যে গোল উৎসব করেছেন, তাতে করে নিশ্চিতভাবেই তিনি সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সারিতে উঠে এসেছেন।

বরুসিয়া ডর্টমুন্ড থেকে গত বছরের জুলাইয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া লেভানদোভস্কি মঙ্গলবার রাতে বুন্দেসলিগার ওই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধের শুরুতে যখন তিনি মাঠে নামলেন তখন ১-০ গোলে এগিয়ে থেকে বায়ার্নের বিপক্ষে প্রথম জয়ের স্বপ্নই হয়তো দেখতে শুরু করেছিল ভলফসবুর্গ। কিন্তু এক নিমিষেই সব লণ্ডভণ্ড করে দিলেন ২৭ বছর বয়সী এই তারকা।

মাঠে নামার ষষ্ঠ মিনিটে প্রথম গোল করার পরের মিনিটে ২৫ গজ দূর থেকে দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি। এর খানিক পরেই তৃতীয় গোলটি করে ৩ মিনিট ২২ সেকেন্ডে হ্যাটট্রিক পূরণ করে বুন্দেসলিগার ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন তিনি। একই সঙ্গে এদিন কম সময়ে চার গোল ও পাঁচ গোলের রেকর্ডও নিজের করে নেন লেভানদোভস্কি।

লেভানদোভস্কির কীর্তির প্রশংসায় টিজেড মিউনিখ লিখেছে, "আলিয়াঞ্জ অ্যারেনার বেঞ্চ থেকে এসে ফুটবল ঈশ্বর হয়ে উঠতে রবের্ত লেভানদোভস্কি সময় লাগল মাত্র ৯ মিনিট।"

ডি ভেল্ট লিখেছে, "রবের্ত লেভানদোভস্কি বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। বরুসিয়া ডর্টমুন্ডে থাকার সময়ই তিনি সেটা নিশ্চিত করেছিলেন। আর এখন, এটা পরিষ্কার তিনি আক্রমণভাগের সেরাদের সেরার কাতারে আছেন। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সারিতেই উঠেছেন তিনি।"

এছাড়া, 'কিকার' লেভানদোভস্কিকে 'পৃথিবীর বাইরের' বা অন্য গ্রহের তকমা দিয়েছে। একই সঙ্গে তাকে 'ফুটবল ইতিহাসের সেরা বদলি খেলোয়াড়' বলে রায় দিয়েছে ফুটবল ম্যাগাজিনটি।

ভালফসবুর্গকে গোল বন্যায় ভাসানো লেভানদোভস্কি এদিন আরেকটি ইতিহাস গড়েন, বুন্দেসলিগায় প্রথম বদলি খেলোয়াড় হিসেবে তিনের বেশি গোল করেন তিনি।