২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দি মারিয়া, ইব্রাহিমোভিচের গোলে পিএসজির জয়

আনহেল দি মারিয়া, জ্লাতান ইব্রাহিমোভিচ, হাভিয়ের পাস্তোরের গোলে জয়ে ফিরেছে পিএসজি। লিগ ওয়ানে টানা দুই ম্যাচে ড্র করার পর জয়ে পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 03:24 AM

Updated : 12 Oct 2022, 04:14 PM

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে গুইনগাম্পকে ৩-০ ব্যবধানে হারায় পিএসজি। লিগে নিজেদের শেষ দুই ম্যাচে বোর্দো ও রেমিসের সঙ্গে ড্র করেছিল দলটি।
 
১৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার কৃতিত্ব পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড পাস্তোরের। শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয় গোলটির জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয় লরাঁ ব্লার দলটিকে। 
 
৭৭তম মিনিটে ব্যবধান ২-০ করেন পিএসজির আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড দি মারিয়া। চলতি মৌসুমে ইংল্যান্ডের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দেওয়া দি মারিয়ার লিগ ওয়ানে এটি দ্বিতীয় গোল। 
 
৮৩ মিনিটে পিএসজির তিন পয়েন্ট প্রায় নিশ্চিত করে ফেলেন ইব্রাহিমোভিচ। সুইডেনের এই স্ট্রাইকারের চলতি মৌসুমে লিগে এটি দ্বিতীয় গোল। ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল তার। কিন্তু ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তিনি। 
 
৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষেই রয়েছে পিএসজি।