সান্ডারল্যান্ডকে হারিয়ে ক্যাপিটাল ওয়ানের চতুর্থ রাউন্ডে সিটি
সান্ডারল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে ক্যাপিটাল ওয়ান কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার রাতে সহজেই ৪-১ গোলে জিতেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
সিটির জয়ে একটি করে গোল করেন সের্হিও আগুয়েরো, কেভিন ডি ব্রুইন ও রাহিম স্টার্লিং। অন্য গোলটি আত্মঘাতী। সান্ডারল্যান্ড একমাত্র গোলটি তোইভোনেনের।
প্রতিপক্ষের মাঠ স্টেডিয়াম অব লাইটে নবম মিনিটেই এগিয়ে যায় সিটি। ডি বক্সের মধ্যে হেসুস নাভাসকে সান্ডারল্যান্ডের প্যাট্রিক ফন আনহোল্ট ফাউল করলে পেনাল্টি পায় সিটি। তা থেকেই বল জালে জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো।
২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ডি ব্রুইন। ডি বক্সের মধ্যে স্টার্লিংয়ের সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলটি করেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।
৩৩তম মিনিটে ভাগ্যের জোরে আরেকটি গোল পেয়ে যায় অতিথিরা। স্টার্লিংয়ের একটি শট পোস্টে লেগে ফিরে গোলরক্ষক মানোনের গায়ে লেগে জালে জড়ায়।
এর তিন মিনিট বাদেই স্কোরলাইন ৪-০ করেন স্টার্লিং। এই গোলেও ভালো অবদান ছিল ডি ব্রুইনের। ডি বক্সের মুখে দক্ষতার সঙ্গে ইংলিশ সতীর্থকে বল বাড়ান তিনি। স্টার্লিংয়ের লক্ষ্যভেদটাও ছিল দারুণ।
প্রথমার্ধেই চার গোলে এগিয়ে গিয়ে আরও বড় ব্যবধানে জেতার সম্ভাবনা জেগেছিল সিটির। তবে বিরতির পর স্বাগতিক রক্ষণ দৃঢ়তার পরিচয় দেয়। এই অর্ধে একটি গোলও হজম করেনি তারা।
উল্টো ৮৩তম মিনিটে দিয়ান্দ্রে ইয়েদিনের ক্রসে ছোট ডি বক্সের মধ্যে থেকে হেড করে ব্যবধান কমান তোইভোনেন।
ক্যাপিটাল ওয়ান কাপের তৃতীয় রাউন্ডে দিনের অন্যান্য ম্যাচে অ্যাস্টন ভিলা ১-০ গোলে বার্মিংহ্যামকে, স্টোক সিটি একই ব্যবধানে ফুলহ্যামকে, হাল সিটিও একই ব্যবধানে সোয়ানসি সিটিকে, এভারটন ২-১ গোলে রিডিংকে ও মিডলসবরো ৩-০ গোলে ওলভসকে হারিয়েছে।
