লেভানদোভস্কির ১০ মিনিটের ‘ঝড়ে’ উড়ে গেল ভলফসবুর্গ
রবের্ত লেভানদোভস্কি লণ্ডভণ্ড করে দিয়েছেন ভলফসবুর্গকে। অনেকটা সময় এগিয়ে থাকা দলটিকে গুড়িয়ে দিয়েছেন মাত্র ১০ মিনিটের তাণ্ডবে। তাতে টানা ষষ্ঠ জয় পেয়েছে জার্মানির সফলতম দল বায়ার্ন মিউনিখ।
মঙ্গলবার রাতে বুন্দেসলিগার ম্যাচে ৫-১ ব্যবধানের জয়ে বায়ার্নের পাঁচটি গোলই করেন পোল্যান্ডের স্ট্রাইকার লেভানদোভস্কি।
প্রতিপক্ষের মাঠে ২৬তম মিনিটে ড্যানিয়েল কালিগিউরির গোলে এগিয়ে যায় ভলফসবুর্গ।
এগিয়ে থাকার স্বস্তি নিয়েই দ্বিতীয়ার্ধ শুরু করে অতিথিরা। এই অর্ধেই থিয়াগো আলকাতারার বদলি নামেন লেভানদোভস্কি। তাতেই পাল্টে যায় খেলার চিত্র, দুমডে-মুচড়ে যায় ভলফসবুর্গের তিন পয়েন্ট নিয়ে ফেরার স্বপ্ন।
মাঠে নামার ছয় মিনিটের মধ্যে প্রথম গোলটি করেন লেভানদোভস্কি। ৫১তম মিনিটে টমাস মুলারের পাস পেয়ে খুব কাছ থেকে বল জালে পাঠান তিনি। পরের মিনিটে ডি বক্সের বাইরে থেকে দ্বিতীয় গোলটি করেন এই স্ট্রাইকার।
হ্যাটট্রিকের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লেভনদোভস্কিকে। মাত্র ৩ মিনিট ২২ সেকেন্ডের মধ্যে নিজের তৃতীয় গোলটি পেয়ে যান তিনি। তার প্রথম শট বারে লেগে ফিরে, দ্বিতীয় শট ফিরিয়ে দেন গোলরক্ষক, তবে তৃতীয় শট কোনো বাধা মানেনি; সোজা জালে পৌঁছায়।
বায়ার্নের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই লেভানদোভস্কির প্রথম হ্যাটট্রিক।
৫৭তম মিনিটে দগলাস কস্তার দারুণ ক্রসে ১২ গজ দূর থেকে জোরালো শটে চতুর্থ গোলটি করেন লেভানদোভস্কি। ৬০তম মিনিটে দারুণ এক ভলিতে পঞ্চম গোলটি পেয়ে যান এই স্ট্রাইকার। আর এই গোলে অনেক পুরনো একটি রেকর্ড ভাঙার কাছাকাছি চলে যান তিনি।
বুন্দেসলিগায় এক ম্যাচে একজন খেলোয়াড়ের সবচেয়ে গোলের রেকর্ড ডিটের মুলারের। কোলনের হয়ে ১৯৭৭ সালে ছয় গোল করেন তিনি। প্রাণপণ চেষ্টা করলেও অবশ্য এই রেকর্ড ভাঙতে পারেনি লেভানদোভস্কি। কিন্তু দ্রুততম সময়ে পাঁচ গোলের রেকর্ড ঠিকই গড়েন তিনি। বদলি খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পাঁচ গোলের কৃতিত্ব তিনিই প্রথম দেখালেন।
