২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিগুয়াইনের জোড়া গোলে নাপোলির বিশাল জয়

উয়েফা ইউরোপা লিগের পর এবার ঘরোয়া লিগেও গোল উৎসব করেছে নাপোলি। আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের জোড়া গোলে এবার তারা লাৎসিওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 06:10 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

গত সপ্তাহে ইউরোপা লিগে ক্লাব ব্রুজকেও একই ব্যবধানে হারিয়েছিল নাপোলি।

রোববার রাতে ঘরের মাঠে চতুর্দশ মিনিটে দলকে এগিয়ে দেন হিগুয়াইন। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলান।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ান ইতালির স্ট্রাইকার লরেঞ্জো ইনসিগনে। আর ৫৯তম মিনিটে হিগুয়াইনের দ্বিতীয় গোলে নাপোলির সহজ জয় নিশ্চিত হয়ে যায়। এবারের সেরি আতে এটা ছিল তার চতুর্থ গোল। ৭৯তম মিনিটে স্কোরলাইন ৫-০ করেন ইতালির স্ট্রাইকার মানোলো গাব্বিদিয়ানি। 

ইতালির শীর্ষ লিগ সেরি আর এবারের আসরে এটাই নাপোলির প্রথম জয়। সাস্সুয়োলোর মাঠে ২-১ গোলে হেরে লিগ শুরু করা দলটি পরের দুই রাউন্ডে যথাক্রমে সাম্পদোরিয়া ও এম্পোলির সঙ্গে ড্র করে। ওই দুই ম্যাচেরই ফল ছিল ২-২।

এই জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এসেছে নাপোলি। সমান ম্যাচের সবকটিতে জেতা ইন্টার মিলান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।